ঝড়ের কাছে এখনো অসহায় আনোয়ারাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আনোয়ারা উপজেলার ২৫ হাজার মানুষ নিহত হয়েছিল। এ ঘটনার দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও সামুদ্রিক ঝড়ের বিপদ থেকে এখনো নিরাপদ নয় আনোয়ারার বাসিন্দারা। উপকূলীয় বেড়িবাঁধের বিভিন্ন ভাঙা অংশ দিয়ে বেশ কয়েকটি ইউনিয়নে এখনো জোয়ারের পানি ঢোকে। উপজেলার কয়েকটি ইউনিয়নে নেই কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র।২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুর ও জুঁইদণ্ডী। ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের বেশির ভাগই এই দুই ইউনিয়নের বাসিন্দা ছিলেন। অথচ দুই ইউনিয়নের অন্তত অর্ধ লক্ষাধিক মানুষের জন্য এখনো কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৬-৯৭ সালের দিকে আনোয়ারার ১১ ইউনিয়নে ৫৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মিত হয়। তার মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ১৮টি আশ্রয়কেন্দ্র। গত এক যুগে উপজেলায় নতুন কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মিত হয়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। ৪০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের মধ্যে মাত্র ৪ কিলোমিটার জায়গায় সিসি ব্লক আছে। সম্প্রতি কালবৈশাখী ঝড়ের সময় ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে উপজেলার বিশাল এলাকা প্লাবিত করেছে। উপজেলার পূর্ব গহিরা-ফকিরহাট, দক্ষিণ সরেঙ্গা, ঘাটকুল ও বার আউলিয়া এলাকার বাসিন্দারা জানায়, বেড়িবাঁধ ভাঙা হওয়ায় ঝড়ের পূর্বাভাস শুনলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আউয়াল এ বিষয়ে জানান, ঝুঁকিপূর্ণ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো মেরামতের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আফতাব হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, আনোয়ারার উপকূলবাসীকে রক্ষার জন্য ক্রমান্বয়ে বেড়িবাঁধের সব জায়গায় সিসি ব্লক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।