ঝড়ের পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন আমি ছোট ছিলাম, তখন একদিন আকাশটা কালো মেঘে একদম ঢেকে গেছে। চারদিকে মৃদু বাতাস বইছে এলোমেলো। এমন আবহাওয়া ঝড়বৃষ্টি হওয়ারই পূর্বপ্রস্তুতি। ছুটির ঘণ্টা বাজল। আমি ব্যাগে বই তুলে বারান্দায় এলাম। তখনো বৃষ্টি শুরু হয়নি। স্কুল থেকে আমার বাসা ছয়-সাত মিনিট। তাই দৌড়ে চলে যাব ভাবছি। আমি দৌড়াতে শুরু করি।অর্ধেক পথও যাইনি, তখন খুব বেশি বেগে শোঁ শোঁ বাতাস শুরু হলো। রাস্তার ধুলাবালি আমার চোখে লাগল। আমি দাঁড়িয়ে পড়লাম। চোখে জ্বালা হচ্ছে। ব্যথা পাচ্ছি। দুই হাত দিয়ে ঘষাঘষি করছি আর কাঁদছি। হঠাৎ একটি শুকনো ডাল আমার ওপর সড়াৎ করে ভেঙে পড়ল। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। আম্মুকে ডাকতে থাকলাম। কিন্তু আম্মু সেদিন আমার কাছাকাছি ছিল না। এত জোরে বৃষ্টি আর বাতাস বইছে, আমি এদিক-ওদিক ছিটকে পড়ছি। কাঁধের ব্যাগ কোথায় হারিয়ে গেছে, জানি না। সারা গা কাদায় ভরে গেছে। আমি অন্ধের মতো হাঁটছি মনে মনে আমার বাসার রাস্তা খুঁজে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলাম আমি। কেউ আমার কাছে এগিয়ে এল না। হঠাৎ আমি পা পিছলে পড়ে যাই। বুঝতে পারি, মাথার পেছনে ব্যথা পেলাম। তারপর...আর জানি না। যখন জানলাম, তখন আমি আর সেই আগের আমি নেই। মাঝখানের অনেকটা সময় কীভাবে কেটেছে, তা আজও জানি না। একদিন পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙল সকালে। জানালা দিয়ে মিষ্টি সোনা রোদ আমার বিছানায় পড়ছে। পাশ ফিরে দেখলাম, আম্মু বসে আছে। এ কী! আম্মু এত শুকিয়ে গেছে কেন? এমন রোগা রোগা লাগছে কেন?আগের মতোই ডাকলাম—‘আম্মু’।আম্মু চমকে উঠল মনে হলো। কী জানি অস্থির হয়ে বলল,—কী!—আম্মু, তোমাকে এমন রোগা রোগা লাগছে কেন?হঠাৎ আম্মু আমার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে বুকে জড়িয়ে ধরল। মুখে-চোখে-চুলে হাত বোলাতে লাগল। আর বিলাপ করতে থাকল।—তোরা কে কোথায়? দেখে যা আমার বাছাধনকে। ও ভালো হয়ে গেছে। অনেক দিন পর আমাকে চিনতে পেরেছে। আমাকে আম্মু ডেকেছে। কোথায় তোরা, তাড়াতাড়ি আয়।আম্মুর কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। কিছু বুঝতে পারলাম না। চুপটি করে আম্মুকে জড়িয়ে ধরে থাকলাম। আস্তে আস্তে সবাই চলে এল। সবার সঙ্গে কথা হলো। আমি একটু ভয় পাচ্ছিলাম। সবার মুখে হাসি ফুটল। কেউ খুশিতে কেঁদে ফেলল। আমি আস্তে আস্তে সব মনে করতে থাকলাম। একসময় সবার কান্না থামল। হাসি থামল। শুধু থামল না আমার আম্মুর ছেলেকে ফিরে পাওয়ার সুখের কান্না। সেদিন সকালের একটু পরই আম্মু আমার ওপর অভিমান নিয়ে চলে গেল। আমার জন্য রাখল শোকের কান্না।আজ আমি অনেক বড় হয়েছি। আম্মুর ইচ্ছা ছিল, আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর। আজ আমি তা-ই হয়েছি। প্রতিদিন অফিস সেরে প্রথমে বাসায় এসে চলে যাই বড় করে বাঁধানো আম্মুর ওই ছবিটার কাছে। আমার বুক ফেটে কান্না আসে। আম্মু, এই দেখো, আমি কত বড় হয়েছি। আমার জন্য তুমি সুখের কান্না নিয়ে পৃথিবী থেকে হারিয়ে গেলে। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। তাই তুমি আমাকে অভিমানে সারা জীবনের কষ্ট দিয়ে চলে গেলে। তাই না!—নাম ঠিকানা পাওয়া যায়নি