টং ঘরে প্রাণের ফোয়ারা
গোধূলির লাল আভা তখন দ্যুতি ছড়াচ্ছে পশ্চিম আকাশে। দিনের শেষ আলোয় ভিন্ন চেহারা পেয়েছে ব্যস্ত রাস্তা। ঠিক সেই সময় গাড়ির ভেঁপুর শব্দের সঙ্গে পাল্লা দিয়ে গিটারে সুর তুলছে একদল তরুণ। বিকেলের নরম আলোর মতোই সেই সুর ছড়িয়ে পড়ছে বহুদূর। ফুটপাতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হাসি, আনন্দ, গান, উচ্ছ্বলতা ও স্বপ্নে মাখামাখি। এভাবেই প্রতিদিন জেগে ওঠে নগরের জিইসি মোড় এলাকার ফুটপাত। সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত সেখানে চলে প্রাণের ফোয়ারা।চট্টগ্রামের জিইসি মোড় ও দুই নম্বর গেটের মাঝামাঝি অবস্থিত সানমার ওশান সিটির পাশের ফুটপাতে সারি সারি খাবারের দোকান। তরুণদের কাছে এসব দোকান টং হিসেবে পরিচিত। টংগুলোর সামনে পাতা বেঞ্চিতে বসে জমে আড্ডা। প্রায় ১৫টির মতো টং আছে এখানে। এসব দোকানে বিকেল থেকে হাজির হতে থাকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণেরা।দোকানদার মনির উদ্দিন জানালেন, ‘কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এখানে আড্ডা দিতে আসেন। তবে এঁদের মধ্যে তরুণ ও উচ্চবিত্ত ঘরের সন্তানদের সংখ্যা বেশি।’গত বৃহস্পতিবার কথা হয় চট্টগ্রাম কলেজে পড়ুয়া শাহরিয়ার সাদের সঙ্গে। তিনি জানান, ‘কোচিংয়ে ক্লাস শেষ করেই এখানে আসি। সবাই মিলে আড্ডা দিতে ভালো লাগে।’ আমিনুলের টংয়ের সামনে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন তরুণ। আড্ডার বিষয়বস্তু কী? চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ইশতিয়াক, সোহান, আসিফ জানালেন, ‘পরীক্ষা শেষ। তাই এবার সামনের ছুটিটা কীভাবে কাটাব তা নিয়েই আলোচনা চলছে।’ পাশেই আড্ডা দিচ্ছিলেন আরও কয়েকজন তরুণ। সেখান থেকে ভেসে আসছে অট্টহাসির শব্দ। খোঁজ নিয়ে জানা গেল, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী গাজী ইরফান শুধু ফেসবুকে চ্যাট করার জন্য গত সপ্তাহে একটি ল্যাপটপ কিনেছেন। ইরফানের এমন ফেসবুক প্রেমই এই হাসির উৎস। পড়ালেখার ক্ষেত্রে ছাড় দেন না, তবে দুই-চার ঘণ্টা আড্ডা দিলেও পড়ালেখার কোনো ক্ষতি হয় না বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম। সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সিএসই-এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হোসেন বলেন, ‘মনের খোরাক না থাকলে পড়ালেখায় মন বসে না। আর মনের খোরাক জোগাতে আড্ডার বিকল্প নেই। তাই আড্ডা চলুক অবিরাম।’