টংকাবতী খালের ভাঙনে কয়েক শ ঘরবাড়ি বিলীন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার টংকাবতী খালের ভাঙনে কয়েক শ ঘরবাড়ি ও অন্তত ১০০ একর ফসলের জমি বিলীন হয়েছে গত কয়েক বছরে। সম্প্রতি পাহাড়ি ঢলের কারণে খালের ভাঙন তীব্রতর হয়েছে। বেড়েছে খালের প্রশস্ততা। ভাঙনের ঝুঁকিতে থাকা তুলাতলী বাজার এলাকার কয়েক হাজার বাসিন্দার চোখে এখন ঘুম নেই।
খালের ভাঙন ব্যাপক আকার ধারণ করায় গত ১৫ আগস্ট ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজানূর রহমান ও উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান। বর্ষা শেষে বৃষ্টি থেমে গেলে খালের ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তাঁরা।
উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, টংকাবতী খালের দুই পাড়ে অবস্থিত তুলাতলী বাজার এলাকার মজুমদারপাড়া, বণিকপাড়া, ব্রাহ্মণপাড়া, শীলপাড়া, বৈরাগীপাড়া, মুদিপাড়া, কর্মকারপাড়া, চৌধুরীপাড়া, ঘোনাপাড়া ও পালপাড়ার বাসিন্দারা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। খালের অব্যাহত ভাঙনে দুশ্চিন্তায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। হুমকির মুখে রয়েছে উত্তর আমিরাবাদ এম বি উচ্চবিদ্যালয় ও উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আমিরাবাদ ইউপির সাবেক সদস্য নেজাম উদ্দিন বলেন, হাজারবিঘা এলাকা থেকে তুলাতলী পর্যন্ত টংকাবতীর ভাঙনে গত দুই বছরে শ খানেক ঘরবাড়ি বিলীন হয়েছে। খালের গর্ভে হারিয়ে গেছে ১০০ একর জমি। সম্প্রতি টানা বর্ষণের পর পাহাড়ি ঢলের কারণে আরও ১৫-২০টি ঘরবাড়ি বিলীন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, তুলাতলী বাজারের তিন কিলোমিটার এলাকায় প্রতিবছরই ফসলের জমি টংকাবতী খালের গর্ভে হারিয়ে যাচ্ছে। এ বছর খালের ভাঙন তীব্র হয়েছে। তবে কী পরিমাণ ফসলের জমি খালের গর্ভে হারিয়ে গেছে, এখনো জানা যায়নি।
সম্প্রতি সরেজমিনে ঘুরে তুলাতলী বাজারের তিন কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙনের দৃশ্য চোখে পড়ে। স্থানীয় বাসিন্দা দুলাল চক্রবর্তী (৮৫) বলেন, তাঁর নিজের বাড়িসহ আশপাশের অনেকের বাড়িই খালের ভাঙনে বিলীন হয়েছে। তিনবার স্থান পরিবর্তন করেও নদীর ভাঙন থেকে বাড়ি বাঁচাতে পারেননি তিনি।
আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মো. এনামুল হক জানান, প্রতিবছর টংকাবতীর ভাঙনে তুলাতলী বাজার এলাকায় প্রচুর ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেও কোনো লাভ হয়নি।
ফিজনূর রহমান প্রথম আলোকে জানান, লোহাগাড়ার টংকাবতী খালের তুলাতলী বাজার এলাকায় প্রতিনিয়ত ভাঙন হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় সাংসদও ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। বর্ষা শেষ হলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।