টকঝালমিষ্টি স্বাদে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষসেরা আচারশিল্পী শাহনাজ শারমিনকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: নকশা
বর্ষসেরা আচারশিল্পী শাহনাজ শারমিনকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: নকশা

ঢাকার শাহনাজ শারমিন আচার বানাতে পটু। যখন বর্ষসেরা আচারের বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হলো, তখন আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি। শারমিন জানালেন, এই পথ ছিল কষ্টের অর্থাৎ টক। কিন্তু ফলাফল পেয়ে সেই টককেই এখন মিষ্টি মনে হচ্ছে। ২৭ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ১৭তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বর্ষসেরা আচারের পুরস্কার পেয়ে এভাবেই নিজের অনুভূতি জানান তিনি। তাঁর হাতে পুরস্কারের ২ লাখ টাকার চেক ও সম্মাননা স্মারক তুলে দেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা।

এই অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রাণ আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হক প্রমুখ। আয়োজকেরা জানান, এ বছর আচার প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৪ হাজার প্রতিযোগীর সাড়ে ৭ হাজার আচার জমা পড়েছে। চূড়ান্ত বাছাইয়ে নির্বাচিত হয় ৪৮টি আচার। টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য—এই চার ভাগে ১২ জনের আচার পুরস্কার পায়। প্রতি ভাগে প্রথম পুরস্কার ছিল ৫০ হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল ওয়াশিং মেশিন ও মাইক্রোয়েভ ওভেন।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ নিশাত পারভীনের তত্ত্বাবধানে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক, কণ্ঠশিল্পী দিনাত জাহান, রান্নাবিদ কল্পনা রায়, সংগীতশিল্পী লীনা তাপসী, নারী হ্যান্ডবল দলের অধিনায়ক ডালিয়া আখতার, খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ সাবিনা ইয়াসমিন, সংবাদ উপস্থাপক বৃষ্টি, নাট্য নির্দেশক জিনাত হাকিম, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং আরএফএল হোম মেকার অব দ্য ইয়ারের ফাইনালিস্ট শারমিন জাহান।

প্রতিযোগিতার বিচারক লীনা তাপসী জানালেন, আচার নির্বাচনের সময় অনেক ভালো আচার পুরস্কার জিততে পারে না। কারণ ভালো প্যাকেজিংয়ের মাধ্যমে আচার না পাঠানো। ভবিষ্যতে যাঁরা আচার পাঠাবেন, তাঁদের প্যাকেজিংয়ের প্রতি বিশেষ খেয়াল রাখার অনুরোধ করেন তিনি।

প্রতিযোগিতার বিচারকেরা জানান, বিচার করতে গিয়ে অনেক দোটানায় পড়তে হয়েছে তাঁদের। সব কটিই এত ভালো ছিল যে কোনটি রেখে কোনটিকে ভালো বলবেন সেটাই বুঝে ওঠা মুশকিল হয়ে যাচ্ছিল।

বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন, টক: মিনারা খাতুন, নাছরিন আক্তার, নাছরিন সুলতানা; মিষ্টি: ফরিদা পারভীন, নাজমা রহমান, আনিকা তাবাসসুম; ঝাল: আয়েশা খাতুন, হাফসা খান, কমল এবং অন্যান্য: আমেনা বেগম, তাছনুভা ও শামসুন্নাহার হক। নওশীনের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হাবিব ওয়াহিদ, সুকন্যা, রাজু ও পাওয়ার ভয়েজ শিল্পী মাসুম ও রেশমী, নৃত্য পরিবেশন করেন ইমন ও নিপুন।

এবার পুরস্কার বিতরণের পাশাপাশি দিনব্যাপী আচার প্রদর্শনীর আয়োজন করে প্রাণ। আচার, আচারের জন্য প্রয়োজনীয় নানা পণ্য, নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের স্টল ছিল সেখানে।