টনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস-ট্রেনে বাদুড়ঝোলা মানুষ। সদরঘাট থেকে লঞ্চ ছাড়ছে ধারণক্ষমতার দু-চার গুণ বেশি যাত্রী নিয়ে। এমন দৃশ্য আপনারা আকছার দেখে থাকবেন। পত্রিকার পাতায়ও যাত্রীবোঝাই ট্রেন-বাস কিংবা লঞ্চের ছবি এযাবৎ কম ছাপা হয়নি। এবারে এতদ্সঙ্গে যোগ হলো নতুন মাত্রা। অতিরিক্ত যাত্রীবাহী মোটরসাইকেল! ছবিটি দেখুন, চার চারজন মানুষ নিয়ে সবেগে ছুটে চলেছেন মোটরবাইকের ‘দুঃসাহসী’ চালক। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে মোটরসাইকেলে সওয়ার দুই শিশুও। তাদের কারও মাথায় হেলমেট নেই। চালককে দেখুন। আর যা-ই হোক, উদ্বেগ বা শঙ্কার কোনো ছাপ নেই তার চেহারায়। (সূত্র: পৃষ্ঠা: ৩, প্রথম আলো, ১৫ মে, ২০১২) বছর তিনেক আগে সাতক্ষীরা গিয়েছিলাম। সেখানকার পথঘাটে একটি বিচিত্র জিনিস চোখে পড়ে। ভাড়ায় যাত্রী পরিবহনকারী মোটরসাইকেল। একটি মোটরসাইকেলে এমনকি পাঁচজন পূর্ণবয়স্ক মানুষকেও বহন করতে দেখেছি। যাত্রীদের বেশির ভাগই গ্রামের খেটে খাওয়া মানুষ। নছিমন-করিমনের মতো বিপজ্জনক বাহনও (শ্যালো ইঞ্জিন আর সাইকেলের চাকা দিয়ে তৈরি বাহন) সেখানে ব্যাপকভাবে প্রচলিত। যেতে যেতে সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি বলছিলেন, এসব নছিমন-করিমনে দুর্ঘটনাও হরদম ঘটে। কিন্তু তবু কারও বিকার নেই। পরিবহন স্বল্পতার কারণেই মানুষ নিরুপায় হয়ে বেছে নিয়েছে এ বিপজ্জনক পরিবহন। কিন্তু ঢাকার পরিবহনব্যবস্থা নিশ্চয় সাতক্ষীরার চেয়ে ভালো। বাস বা অটোরিকশা একেবারে দুষ্প্রাপ্য নয়। সেখানে কেন এই অতিসাহস দেখানো? হেলমেট ছাড়া বা আইনের তোয়াক্কা না করে কেন এই সপরিবারে সবেগে যাত্রা?অজুহাত মিলবে অনেক। কিন্তু উত্তর একটাই, ‘অসচেতনতা’।রোজ সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়। আমরা শুধু বলি, সরকারের কেন ‘টনক’ নড়ে না? আদতে টনক যে আমাদের কারোরই নড়ে না, তার প্রমাণ এ ছবি। —ইকবাল হোসাইন চৌধুরী