টবটাও সুন্দর থাকুক
গাছ লাগানোর জন্য বাজারে এখন নানান ধরনের টব পাওয়া যায়৷ নান্দনিক এই টবগুলো বাড়ায় ঘরের শোভা৷ কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, তলানি দিয়ে পানি পড়ে বা ধুলা জমে কদিন পরই হারিয়ে যায় টবের সৌন্দর্য৷ শেওলা পড়ে টবগুলো হয়ে যায় বর্ণহীন৷ বাগানে বা ঘরে গাছ লাগানোর আগে বিশেষ কিছু প্রস্তুতি নিলেই দূর হবে এই সমস্যা। এ বিষয়ে বিস্তারিত জানালেন অ্যাসথেটিকস ইন্টেরিয়রের ইন্টেরিয়র ডিজাইনার সাবিহা কুমু৷

গাছ লাগানোর আগে টব ভালো রাখার পদ্ধতি
১. সিমেন্টের গুঁড়ার মতো দেখতে ওয়াটার ব্যারিয়ার নামক উপকরণটি এখন রঙের দোকানে পাওয়া যায়৷ গাছ লাগানোর আগে প্রথমেই টবে ওয়াটার ব্যারিয়ার দিয়ে নিন৷
২. ওয়াটার ব্যারিয়ার পানি দিয়ে গুলে নিয়ে টবের চারদিকে লাগিয়ে শুকিয়ে নিতে হবে৷
৩. টবের ভেতরে এনামেল পেইন্ট করে নিন। এতে করে মাটির ভিজে ভাব বাইরে এসে পৌঁছাতে পারে না৷

বিবর্ণ টব সুন্দর করার পদ্ধতি
১. একটা শক্ত ব্রাশ দিয়ে প্রথমেই টবটাকে ঘষে ধুয়ে নিন।
২. তারপর ভালো করে শুকিয়ে নিতে হবে৷
৩. শুকিয়ে এলে ভেতরের মতো বাইরের দিকটাতেও এনামেল পেইন্ট লাগিয়ে নিন৷
৪. ইনডোর প্ল্যান্টগুলো সরাসরি টবে লাগাবেন না৷ আলাদা কোনো পাত্রে গাছ লাগিয়ে তা টবের ভেতরে রাখুন৷