টবেও হবে স্ট্রবেরি
খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরীপাড়ার জয় নার্সারিতে পরীক্ষামূলকভাবে টবে স্ট্রবেরি চাষ হয়েছে। এই নার্সারির ৩০টি টবে শোভা পাচ্ছে উজ্জ্বল লাল রঙের স্ট্রবেরি। একেকটি গাছে ১৭ থেকে ২১টি ফল এসেছে। সম্প্রতি এই নার্সারিতে গিয়ে এমন তথ্য পাওয়া যায়।জয় নার্সারির স্বত্বাধিকারী উত্তম কুমার সেন জানান, বৃষ্টির পানিতে স্ট্রবেরির ক্ষতি হয়। কিন্তু টবে স্ট্রবেরি চাষ করলে বৃষ্টির সময় সহজেই সরিয়ে ফেলা যায়। এ জন্য ফলনও ভালো হয়। কিছুদিনের মধ্যেই টবে স্ট্রবেরি চাষ জনপ্রিয় হয়ে উঠবে।খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা জানান, শীতপ্রধান দেশে স্বল্পমেয়াদি ফল হিসেবে স্ট্রবেরি চাষ করা হয়। আকর্ষণীয় রং, গন্ধ ও উচ্চ পুষ্টিমানের জন্য স্ট্রবেরি সমাদৃত। এতে প্রচুর ভিটামিন ‘সি’ ছাড়াও পর্যাপ্ত পরিমাণে অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে স্ট্রবেরি চাষ নিয়ে গবেষণা করে আসছে। ২০০৭ সালে বারি স্ট্রবেরি-১ নামের একটি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেন এই সংস্থার গবেষকেরা। জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে স্ট্রবেরি গাছে ফুল আসতে শুরু করে এবং ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ফল তোলা যায়। প্রতিটি ফলের গড় ওজন ৪৫০ গ্রাম। ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে স্ট্রবেরির চারা রোপণ করা হয়। ফল সংগ্রহ চলে পৌষ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত। ফল পেকে লাল রং ধারণ করলে সংগ্রহ করতে হয়। স্ট্রবেরি ফলের সংরক্ষণকাল খুবই কম হওয়ায় ফল সংগ্রহের পরপরই তা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে প্লাস্টিকের ঝুড়িতে রাখতে হয়। স্ট্রবেরি গাছ প্রখর সৌরতাপ এবং ভারী বর্ষণ সহ্য করতে পারে না। এ জন্য মার্চ-এপ্রিল মাসে হালকা ছায়ার ব্যবস্থা করতে হয়।জয় নার্সারির স্বত্বাধিকারী উত্তম কুমার সেন আরও জানান, রবি মৌসুম স্ট্রবেরি চাষের উপযোগী। বৃষ্টির পানি জমে না এ ধরনের উর্বর দো-আঁশ বা বেলে দো-আঁশ মাটি চাষের জন্য উত্তম। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, গুল্মজাতীয় এ ফলগাছটির উচ্চতা কম হওয়ায় টবে চাষ করা সম্ভব। চাষে খরচ কম, কিন্তু ফলে দাম বেশি। এ কারণে স্ট্রবেরির চাষ খুব লাভজনক।