টবের গাছে বুলবুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসায় তিনটি ছানা। বয়স মোটে তিন দিন। খাবারের জন্য হাঁ করে আছে। খানিকটা দূর থেকে তাকিয়ে দেখছে মা-পাখি। মুখে খাবার। ছটফট করছে কাছে আসার জন্য। উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বসছে। অস্থির সন্তানের কাছে আসতে চাইছে। কিন্তু কাছাকাছি মানুষ থাকায় আসতে পারছে না। তবে মিনিট দশেক অপেক্ষা করে মায়ের আর তর সইল না। উড়ে এসে বসল বাসায়। রাজশাহী নগরের চণ্ডীপুর এলাকায় আমিনা আনসারী তাঁর বাসার বরান্দার নিচে রেখেছেন টবগুলো। তার একটিতে মিষ্টি করমচার গাছ। বয়স বছর চারেক। এর পাশের টবগুলোতে কাগজি লেবু, নাইটকুইন, হাসনাহেনা, কমলা, পাহাড়ি লেবু, রঙ্গন ও একটি বট বনসাই। পাশাপাশি গাছগুলো করমচার গাছটিকে খানিকটা আড়াল দিয়েছে। আর সেই আড়ালের ভরসায় এক বুলবুলি দম্পতি বাসা বেঁধেছে করমচাগাছে, যদিও সেখান দিয়েই সারা দিন বাড়ির সব মানুষের আসা-যাওয়া।করমচাগাছের বুলবুলি দম্পতি এখন আর কোনো অতিথি নয়। বেশ কিছুদিন ধরেই তারা এই বাসায় আসা-যাওয়া করছিল। আমিনার মেয়ে চৈতী মাস খানেক আগে খেয়াল করে, বুলবুলি দম্পতি তাদের টবের করমচাগাছে একটি বাসা তৈরি করেছে। একেবারে হাতের কাছে বুলবুলির বাসা দেখে আমিনা কৌতূহলী হয়ে ওঠে। গত ২৪ ফেব্রুয়ারি চৈতী ওই বাসায় তিনটি ডিম আবিষ্কার করে। সুন্দর রঙিন ডিম। তারা সঙ্গে সঙ্গে ডিমের ছবি তুলে রাখে। গত ৫ মার্চ তারা দেখে তিনটি ডিম ফুটেই বাচ্চা বেরিয়েছে। সেদিন থেকে তাদের আনন্দ আর ধরে না। সারা দিন তাদের কাজ বাচ্চাদের খোঁজখবর করা। বাচ্চারা কখন খাবারের জন্য হাঁ করে আছে, কখন তারা ঘুমাচ্ছে— মুঠোফোনে তারা সেসবের ছবিও তুলে রাখছে নিয়মিত। আমিনা আনসারীর ডাকনাম লাভলী। তিনি এক ছেলে ফাগুন ও মেয়ে চৈতীকে নিয়ে ওই বাসায় থাকেন। নিরিবিলি বাসাটিতে আমিনা প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছেন। বরান্দার নিচে যেটুকু জায়গা খালি পেয়েছেন তাতেই বসিয়েছেন গাছের টব। এসব গাছের ভেতর দিয়েই তাঁর বারান্দায় গিয়ে উঠতে হয়। ভেতরেও সুন্দর করে সাজানো মনোরম পরিবেশ। রাতে বাসার ভেতরে চড়ুই পাখি এসে থাকে। আমিনা বলেন, বুলবুলি পরিবারের পাঁচ সদস্য মিলে তাঁদের এখন আট সদস্যের পরিবার। পরিবারের সদস্যের মতোই তাঁরা এখন বুলবুলির বাচ্চাদের দিকে খেয়াল করছেন, যাতে ওদের কোনো ক্ষতি না হয়। বিড়াল বা অন্য কোনো প্রাণী যাতে ওদিকে না যায়, সে জন্য সব সময় চোখ রাখতে হচ্ছে। আমিনা আনসারী প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার একজন বন্ধু। গত বুধবার সন্ধ্যায় আমিনা আনসারীর বাসায় গিয়ে দেখা যায়, মাটি থেকে প্রায় দুই ফুট উঁচুতে বুলবুলির বাসাটা। বাসার সামনে আমাদের দেখে মা-পাখিটি খানিকটা দূরে ছটফট করছিল। মিনিট দশেক পরে আমাদের গা ঘেঁষেই উড়ে এসে করমচার ডালে বসল, কিন্তু বাসায় ঢুকতে সাহস পেল না। আবার উড়ে গেল। মাকে বাসায় ফেরার পরিবেশ তৈরি করে দিতে আলোকচিত্রী শহীদুল ইসলাম করমচাগাছের গোড়ায় ক্যামেরা তাক করে বসে পড়লেন। ১৫-২০ মিনিট পরেই মা এসে করমচার ডালে বসে একবার ঘাড় কাত করে ক্যামেরার দিকে তাকাল; তারপর বাসায় ঢুকে বাচ্চা তিনটি বুকের মধ্যে নিয়ে চুপ করে বসে রইল।