
কৃষি বিভাগের সাবেক কর্মী সুরেন্দ্র কুমার (৫৪)। মৌলভীবাজারের কমলগঞ্জের তিলকপুর গ্রামে তাঁর বাড়ি। চাকরির সময়সীমা পার হওয়ার ১০ বছর আগেই নানা কারণে চাকরি থেকে অবসর নেন। কিন্তু কাজ থেকে তাঁর অবসর মেলেনি। কারণ, তিনি যে একজন ‘সবজির ডাক্তার’।
সুরেন্দ্র কুমার চাষিদের নিয়মিতভাবে সরাসরি, চিঠিপত্র ও মুঠোফোনে রোগবালাই থেকে সবজি, বিশেষত টমেটোবাগান রক্ষার পরামর্শ দিয়ে চলেছেন। নিজেও টমেটোসহ বিভিন্ন সবজির চাষ করছেন। অনেককে সবজি চাষ ও রোগবালাই থেকে তা রক্ষার প্রশিক্ষণ দিচ্ছেন। ফেরিওয়ালার মতোই কখনো বাড়ি বাড়ি গিয়ে চাষিদের টমেটোর গ্রাফটিং বা কলমপ্রযুক্তির কথা জানাচ্ছেন। এভাবে সকাল থেকে সন্ধ্যা ব্যস্ত সময় কাটে তাঁর।
সবজিচাষি সুরেন্দ্র কুমারের নিরলস পরামর্শ ও সেবার কথা এখন নিজ গ্রাম, উপজেলা, জেলা ছাপিয়ে দেশের আনাচকানাচেও ছড়িয়ে পড়েছে। সবজি চাষে জড়িত যেসব মানুষ এত দিন ঘুমিয়ে ছিলেন, তাঁর কল্যাণে তাঁরাও যেন জেগে ওঠার মন্ত্র পেয়েছেন। সে মন্ত্র ধরেই গত ১০-১৫ বছরে নিজের কমলগঞ্জ উপজেলার হাজার-বারো শ মানুষকে নতুন প্রযুক্তিতে টমেটো চাষে জড়িয়েছেন। তাঁরা এখন সফল টমেটো চাষি।
সে কথাই বলছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নরেন্দ্র সিংহ। বলেন, ‘হাজারো মানুষ সুরেনদার নির্দেশে সবজি চাষ করে উপকার পেয়েছে। গ্রাফটিংয়ের কারণে আমাদের এখানে এখন বারো মাস টমেটো হয়। সুরেনদা এলাকায় সবজির ডাক্তার। সবজির রোগবালাই হলেই ডাক পড়ে তাঁর।’
টমেটো চাষ করে ভালো লাভ পাওয়া যায়। এ কারণে এর চাষে অনেকেরই আগ্রহ। কিন্তু এ গাছের ঢলে পড়া রোগ চাষিদের ঘুম কেড়ে নেয়। চাষিরা সময়, শ্রম, পুঁজি খাটিয়ে যখন লাভের স্বপ্ন দেখেন তখনই গাছগুলো ঢলে পড়তে শুরু করে। চোখের সামনে স্বপ্ন তছনছ হয়ে যায়। সেই ১৫-২০ বছর আগে বিষয়টি ভাবিয়ে তোলে সে সময়ের কৃষিকর্মী সুরেন্দ্র কুমারকে। ম্লান চোখের চাষিদের দিকে তাকাতেই তাঁর বুক কেঁপে ওঠে। জানা সব দাওয়াই বাতলে দেন। কিছু উপকারও মেলে। কিন্তু স্থায়ী সমাধান মেলে না। স্থায়ী সমাধান খুঁজতে গিয়ে একসময় নিজেরই ঘুম চলে যায় তাঁর।
এ অবস্থায় একদিন সুরেন্দ্রর হাতে একটি বিদেশি কৃষিবিষয়ক পত্রিকা আসে। পত্রিকার একটি নিবন্ধ তাঁর চোখের সামনে নতুন দিগন্ত খুলে দেয়। তখন থেকে শুরু তাঁর নতুন পথচলা। কৃষি বিভাগে কাজ করার সুবাদে কিছু জানাশোনা আগেই ছিল। সেই জানাশোনা নতুন পথচলাকে সহজ করে দেয়।
ছোটকাল থেকে দেখা পথের পাশে, ঝোপ-জঙ্গলে হেলাফেলায় বেড়ে ওঠা বনবেগুনই হয়ে ওঠে ঢলে পড়া রোগ থেকে টমেটোর খেত রক্ষায় সুরেন্দ্রর গুরুত্বপূর্ণ হাতিয়ার। শুরু করেন এই বেগুনের চারার সঙ্গে টমেটো চারার কলম বানানো। নতুন জ্ঞান, নতুন বিষয় চোখের সামনে নতুন সম্ভাবনার হাতছানি এনে দেয়। প্রথমে নিজে পরীক্ষামূলকভাবে গ্রাফটিং করা টমেটোর চারা দিয়ে শুরু করেন টমেটো চাষ। এতে আশাতীত সফল হন।
এসব নিয়ে কথা হয় সুরেন্দ্র কুমারের সঙ্গে। জানান, বনবেগুন হচ্ছে টমেটোর একটি জংলি জাত। এ বেগুনের গাছ রোগে ধরে না, ঢলে পড়ে না। এই বেগুন চারার গোড়ার দিকের অংশের সঙ্গে বিভিন্ন জাতের টমেটোর চারার ওপরের দিকের অংশ জোড়া দিয়ে করা হয় গ্রাফটিং। এভাবে লাগানো টমেটোর চারা বড় হয়ে ঢলে পড়ে না, রোগবালাইও তেমন হয় না। উপরন্তু ফলন মেলে প্রচুর। যেখানে সাধারণ একটি গাছে চার-পাঁচ কেজি টমেটো মেলে, সেখানে গ্রাফটিং করা গাছে মেলে আট থেকে দশ কেজি।
সুরেন্দ্র জানান, গ্রাফটিং করা টমেটোগাছ পানিসহনীয়। তাই ভারী বৃষ্টিতেও এই টমেটোগাছ নষ্ট হয় না।
‘গ্রাফটিং চারার চাহিদা অনেক। আমার পক্ষে চাহিদা মেটানো সম্ভব হয় না। অনেক চাষি এসে ফেরত যান। অনেকে মৌসুমের আগেই চারার সংখ্যা জানিয়ে অর্ডার দেন। তাদেরটাই সময়মতো সরবরাহ করতে হিমশিম খাই’—বললেন সুরেন্দ্র। তিনি জানান, অনেকে আষাঢ়-শ্রাবণ থেকে চারা রোপণ শুরু করেন। আগাম টমেটো বের করতে পারলে লাভ বেশি। তখন কেজিপ্রতি টমেটো ১০০ টাকা বিক্রি হয়।
উপজেলার আলীনগর ইউনিয়নের মণিপুরী সংখ্যাগরিষ্ঠ তিলকপুর গ্রামে প্রায় অর্ধশত কৃষক আছেন যাঁরা গ্রাফটিং করা টমেটোর চাষ করছেন। নারীরাও গ্রাফটিং করা চারা তৈরি করে পরিবারের পুরুষ সদস্যদের সহযোগিতা করছেন। অনেকে নিজ খেতে চারা লাগানোর পর বাড়তি চারা বিক্রি করছেন। সুরেন্দ্র নিজেও এ বছর ৪০ শতক জমিতে গ্রাফটিং টমেটোর চাষ করেছেন বলে জানান। কিছু খেতে টমেটোও ধরেছে। কিছুদিনের মধ্যে পাকতে শুরু করবে।
সরেজমিনে একদিন: গত ২৭ সেপ্টেম্বর। তিলকপুর গ্রামে ঢুকেই বিভিন্ন জাতের সবজি ও টমেটো চাষের নমুনা দেখা গেল। গ্রামের খানিকটা ভেতর গিয়ে চোখে পড়ল এ-বাড়ি ও-বাড়ির উঠান, বাড়ির পাশে খালি জমিতে বাঁশ ও পলিথিনের ছাউনি দিয়ে তৈরি তাঁবু। এগুলো গ্রাফটিং চারা তৈরির অস্থায়ী ঘর। রোদ-বৃষ্টি থেকে চারা বাঁচাতে এ ব্যবস্থা।
সুরেন্দ্রর নিজ বাড়ির উঠান ও পাশের খালি জমিতেও কয়েকটি তাঁবু দেখা গেল। তবে বেশির ভাগ তাঁবু চারাশূন্য। জিজ্ঞাসা করে জানা গেল, এখন চারা রোপণের শেষ সময় বলে অধিকাংশ চারাই বিক্রি হয়ে গেছে। এরপরও উঠানের মধ্যে একটি তাঁবুতে চারা গ্রাফটিংয়ের কাজ করছিলেন তিনজন। তাঁরা শ্রমিক। সুরেন্দ্রর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন।
সুরেন্দ্র কুমার জানান, এ বছর তিনি ১ লাখ ২০ হাজার চারা গ্রাফটিং করেছেন। বৈশাখে বারি-৪, কনক ও মঙ্গল রাজা নামে টমেটো এবং বনবেগুনের বীজ বুনেছিলেন। বনবেগুনের দুই মাস বয়সী চারার সঙ্গে টমেটোর এক মাস বয়সী চারার গ্রাফটিং করেছেন। গ্রাফটিংয়ের এই কাজটি চলে আশ্বিন পর্যন্ত। গ্রাফটিং করা চারা ১৪ থেকে ২১ দিনের মধ্যে রোপণ করতে হয়। প্রতিটি চারা ১০ থেকে ১২ টাকায় বিক্রি করেছেন। গ্রাফটিংয়ের কাজে নিজে সার্বক্ষণিক শ্রম দিয়েছেন। সঙ্গে নিয়মিত খেটেছেন আটজন দক্ষ শ্রমিক। তাঁদের দুজনের মাসিক বেতন ১০ হাজার। সহকারীদের ছয় হাজার।
এভাবে চারা উৎপাদন করতে সুরেন্দ্রর বিনিয়োগ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। কিছু চারা নষ্ট হয়ে গেছে। তারপরও চারা বিক্রি করেছেন ১০ লাখ টাকার। এতে এ মৌসুমে চারা বিক্রি থেকে লাভ করেছেন পাঁচ লাখ টাকা।
ট্রাকযোগে চারা নিয়ে গেছেন হবিগঞ্জের মাধবপুর, শাহপুর, তেলিয়াপাড়া, দীঘিরপাড়সহ বিভিন্ন স্থানের কৃষকেরা। এ ছাড়া কুষ্টিয়া, পাবনা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার কৃষকেরাও তাঁর কাছ থেকে চারা সংগ্রহের পাশাপাশি নিয়মিত পরামর্শ নিচ্ছেন বলে জানান সুরেন্দ্র।
‘সবজির ডাক্তার’ খ্যাত সুরেন্দ্র সম্পর্কে জানতে চাইলে কমলগঞ্জের শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা লোক-গবেষক আহমদ সিরাজ বলেন, ‘সুরেন্দ্র কৃষি সহকারী ছিলেন। আদতে তিনি একজন উদ্ভাবনী কৃষক। নানা ফসল নিয়ে তিনি পরীক্ষা-নিরীক্ষা করছেন। টমেটোর এই গ্রাফটিং প্রযুক্তি তাঁর কারণে সহজেই এলাকার সাধারণ কৃষকের কাছে পৌঁছাতে পেরেছে। নিজের কী লাভ হবে তা না ভেবে অর্জিত জ্ঞান কৃষকদের মধ্যে বিরতিহীনভাবে বিলিয়ে চলছেন মানুষটি।’