
টমেটোর জন্য ইতালির খ্যাতি আছে। আবার ঝাল মরিচের জন্য বিখ্যাত থাইল্যান্ড। অথচ এগুলোর আদি উৎস অন্যত্র—সুদূর আমেরিকা মহাদেশে। কিন্তু যুগ যুগ ধরে উভয় দেশে স্থানীয় কৃষিপণ্য হিসেবেই পরিচিত ওই টমেটো আর মরিচ। নতুন এক আন্তর্জাতিক গবেষণায় এ রকম অনেক তথ্য উঠে এসেছে।
১৫০টির বেশি গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের ওপর গবেষণা চালিয়ে উদ্ভিদবিজ্ঞানীরা দেখতে পেয়েছেন নানা বিচিত্র উপায়ে কৃষি এবং মানুষের খাদ্যাভ্যাস বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি সাময়িকীতে।
ইতালির নৌ-অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ভারতে আসার পথ খুঁজতে গিয়ে ১৪৯২ সালে দক্ষিণ আমেরিকার ভূখণ্ডে পৌঁছান। তারপর থেকে সেই নতুন ভূখণ্ডের সঙ্গে ইউরোপের সংস্কৃতি ও প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন প্রাণী ও উদ্ভিদেরও আদান-প্রদান শুরু হয়। তখন ইউরোপীয় অভিযাত্রীরা টমেটো ও মরিচের মতো কিছু কৃষিপণ্য সঙ্গে করে ‘নতুন’ আমেরিকা মহাদেশে নিয়ে যান। আর সেখানে এসব খাবার লোকজন বেশ পছন্দও করে। বিস্ময়কর দ্রুততায় স্থানীয় সংস্কৃতিতে মিশে যায় তা। ক্রমে খাবারগুলো ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য অঞ্চলেও।
গবেষণাটিতে ১৭৭টি দেশের মানুষের খাদ্যাভ্যাস ও ফসল উৎপাদনের বিশদ তথ্য আর বিশ্লেষণ রয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার ৯৮ শতাংশই এ গবেষণার আওতাভুক্ত। প্রতিবেদনটির অন্যতম লেখক কলম্বিয়ায় অবস্থিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রপিক্যাল এগ্রিকালচারের শস্যবৈচিত্র্য গবেষক কলিন খুরি। তিনি বলেন, সম্ভবত এক শ বছর ধরে বিজ্ঞানীরা বিভিন্ন ফসলের উৎস ও চাষাবাদ সম্প্রসারণের তথ্য সংগ্রহ করছেন। এতে মানুষের ভাষা, জিনগত বৈশিষ্ট্য, প্রত্নতাত্ত্বিক তথ্যসহ অনেক কিছু একসঙ্গে সন্নিবেশিত হয়েছে। এ বিষয়ে বড় অবদান রয়েছে প্রয়াত রুশ বিজ্ঞানী নিকোলাই ভাভিলভের। তিনি পাঁচটি মহাদেশ ঘুরে বিভিন্ন ফসলের তথ্য সংগ্রহ করেছিলেন। এ জন্য তাঁকে বহুবার কারাভোগ পর্যন্ত করতে হয়েছিল। ভাভিলভের গবেষণাকাজের অনুসরণেই পরবর্তী প্রজন্মের উদ্ভিদবিজ্ঞানীরা মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং নিকট প্রাচ্যে প্রচলিত বিভিন্ন খাদ্যশস্যের উৎস অনুসন্ধানে আগ্রহী হয়ে ওঠেন। এ কাজটি বিভিন্ন কীটপতঙ্গের প্রজনন ও উদ্ভিদের নানা রোগের বিস্তার রোধ ছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাবে গাছের সহনশীলতায় যে পরিবর্তন আসছে তা মোকাবিলার জন্যও গুরুত্বপূর্ণ। কোনো কোনো ফল, ফসল বা সবজির সম্পূর্ণ অপ্রত্যাশিত ধরনের আদি উৎসের তথ্য বেরিয়ে আসার চমকটা বাড়তি পাওয়া।