টমেটো চাষে ভাগ্য বদল পতেঙ্গার চাষিদের
পতেঙ্গা এলাকায় টমেটো চাষ করে ভাগ্য বদল হয়েছে শতাধিক কৃষকের। চৌধুরীপাড়া, নাজিরপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকায় প্রায় ২০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের টমেটো চাষ হয়েছে এ বছর। এসব জাতের মধ্যে রয়েছে সুরক্ষা, বিজলি, নয়নতারা, সাথি, সবল ও সোনালি।কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, এখানে প্রতি হেক্টরে প্রায় আড়াই টন টমেটো উৎপাদিত হয়। সে হিসাবে এ বছর প্রায় ৫০০ টন টমেটো উৎপাদিত হয়েছে এলাকায়। একরপ্রতি লাভও হচ্ছে খরচের দ্বিগুণ।তাঁরা জানান, এখানকার টমেটোর চাহিদা রয়েছে সারা দেশে। আড়তদারেরা এখান থেকে পাইকারি দামে টমেটো কিনে নিয়ে যান। স্টিল মিল এলাকার আড়তদার আবু নাঈম জানান, তিনিসহ একাধিক আড়তদার এখান থেকে টমেটো কিনে রাঙামাটি, বান্দরবান, পটিয়াসহ বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করেন।টমেটো বেচে ভালো লাভ পাওয়ায় বেশ খুশি কৃষকেরা। বর্তমানে এলাকার প্রধান অর্থকরী ফসল হিসেবে স্থান করে নিয়েছে টমেটো। আগামী দিনে শুষ্ক মৌসুমেও টমেটো চাষের কথা ভাবছেন অনেকে। কৃষকেরা জানান, এক সময় এলাকায় ব্যাপক হারে তরমুজের চাষ হতো। ’৯১-এর ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের পর থেকে কৃষকেরা ফুলকপি, বাঁধাকপি, খিরা, বেগুন ইত্যাদি চাষের দিকে ঝুঁকে পড়েন। পাঁচ-ছয় বছর আগে থেকে বাজারে টমেটোর দাম বেড়ে গেলে তাঁদের মধ্যে টমেটো চাষের আগ্রহ বাড়ে। প্রথমে অল্প কয়েকজন কৃষক স্বল্প পরিসরে উচ্চ ফলনশীল জাতের টমেটো চাষ করেন। তাঁদের সাফল্য দেখে কয়েক শ কৃষক টমেটো চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখেন।নাজিরপাড়ার কৃষক মো. মফিজ বলেন, ‘আমি এ বছর দুই একর জমিতে টমেটোর চাষ করেছি। প্রতি একরে খরচ পড়েছে ২৬ থেকে ২৭ হাজার টাকা। পাইকারি হিসাবে প্রথম দিকে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা এবং বর্তমানে ১৪ থেকে ১৫ টাকায় বিক্রি করছি। আশা করছি শেষ পর্যন্ত প্রতি একরে ৫০ হাজার টাকার বেশি লাভ থাকবে।’ চৌধুরীপাড়ার কৃষক আবুল হাশেম বলেন, ‘আগে আমি লাউ, কুমড়া ও ফুলকপির চাষ করেছি। অন্যদের দেখাদেখি এ বছর ১২০ শতক জমিতে বিভিন্ন জাতের টমেটো চাষ করছি। আশা করি, বিক্রি শেষে ভালোই লাভ হবে।’কৃষকেরা জানান, টমেটো সাধারণত শীতকালীন ফসল। আগে তাঁরা শীতকালে দেশি জাতের টমেটো চাষ করলেও বর্তমানে গ্রীষ্মকালেও টমেটো চাষের কথা ভাবছেন। তবে বর্তমানে বাজারে বিভিন্ন এলাকা থেকে টমেটোর সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। ফলে যাঁরা মৌসুমের শেষ দিকে ফসল তুলে বিক্রি করছেন, তাঁরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান সংশ্লিষ্ট কৃষকেরা।একাধিক কৃষক জানান, পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকে বাজারের পাশে প্রধান সড়কের ওপর রেখে কম দামে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছেন। জানতে চাইলে ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আবছার বলেন, দ্রুত স্থায়ী জায়গা নির্বাচনের মাধ্যমে কৃষকদের সমস্যা লাঘবের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সাংসদ এম এ লতিফ বলেন, টমেটোর গুণগত মান ঠিক রেখে এটিকে যথাযথ উপায়ে সংরক্ষণ করার উদ্যোগ নিতে হবে। এতে শীতকাল ছাড়া অন্য মৌসুমেও ভোক্তারা কম দামে টমেটো কিনতে পারবেন।