কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ে ও জমিতে এবার টমেটোর ভালো ফলন হয়েছে। বাজারে বিক্রি করে ন্যায্য দামও পাচ্ছেন চাষিরা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের চারপাশে পাহাড় ঘেরা দুটি গ্রামের নাম উত্তরকূল ও দক্ষিণকূল। এই দুই গ্রামের লোকজন পাহাড়ের ভেতরে পানের বরজ ও ধান চাষ করে আসছেন দীর্ঘদিন ধরে। পাহাড়ে সবজি চাষের কথা কেউ ভাবেননি। কিন্তু ১২ বছর আগে উত্তরকূলের বাসিন্দা আবদুর রশিদ নামে বিদেশফেরত এক যুবক পাহাড়ে টমেটো চাষ শুরু করেন। এতে লাভবান হন তিনি। তাঁর দেখাদেখি অন্যরাও নেমে পড়েন টমেটো চাষে। এখন তা বাড়তে বাড়তে এমন হলো যে উত্তর ও দক্ষিণকূল টমেটো গ্রাম হিসেবেই পরিচিতি পেয়ে গেছে। চাষিরা জানান, টমেটোর পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, শিম, তরমুজসহ নানা ধরনের সবজিরও চাষ হচ্ছে। এসব তরিতরকারি খেত থেকে তুলে নিয়ে চাষিরা পৌর এলাকার গোরকঘাটা বাজার, ছোটমহেশখালী লম্বাঘোনা বাজার ও বড়মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে আড়তদারদের কাছে পাইকারি দামে বিক্রি করছেন। এ ছাড়া উপজেলার পৌর এলাকার চরপাড়া, কুতুবজোম, বড়মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আবাদি জমি ও পাহাড়ের ঢালুতে এ চাষ হচ্ছে। গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের দক্ষিণকূল পাহাড়ের টমেটো বাগান থেকে বাজারে বিক্রি করার জন্য টমেটো তুলছেন চাষিরা। সপ্তাহে তিন দিন বাগান থেকে টমেটো তুলে বাজারে নিয়ে আড়তদারের কাছে বিক্রি করেন তাঁরা। প্রতি সপ্তাহে একেকজন চাষি পাঁচ থেকে ছয় হাজার টাকার টমেটো বিক্রি করেন। গত বৃহস্পতিবার গোরকঘাটা বাজারে আড়তদারের কাছে পাইকারি প্রতিকেজি টমেটো ৪০ টাকায় বেচাকেনা হয়। দক্ষিণকূলের টমেটো চাষি মোহাম্মদ জাকির হোসেন ও রহমত উল্লাহ বলেন, ‘পাহাড়ে প্রায় ৩০ শতক জমিতে এ বছর টমেটো চাষ করি। অন্য বছরের তুলনায় এবারের টমেটোর ফলন ভালো হওয়ায় খরচ বাদে দুই লাখ টাকা লাভ হবে।’ তাঁরা জানান, এখানে প্রাকৃতিকভাবে টমেটো পাকানোর পর তা বাজারজাত করা হচ্ছে। কিন্তু মহেশখালীর বাইরে বিভিন্ন এলাকায় বেশি দামের আশায় অনেক চাষি কাঁচা টমেটো কেমিক্যাল ব্যবহার করে পাকানোর পর বাজারজাত করছে। মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন প্রথম আলোকে বলেন, প্রতিবছরের মতো এবারও ছোট মহেশখালী, গোরকঘাটা, চরপাড়া, কুতুবজোম, বড়মহেশখালী, হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নে প্রায় ৩৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার টমেটোর ফলন ভালো হয়েছে। পাশাপাশি বাজারে বিক্রি করে ন্যায্য দামও পাচ্ছেন। চাষিদের মুখে হাসি ফুটেছে।