টরন্টোতে বাংলা মঞ্চ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটকের একটি দৃশ্য
নাটকের একটি দৃশ্য

বাংলাদেশ থিয়েটার টরন্টোর প্রযোজনায় ৯ আগস্ট শনিবার স্থানীয় ইয়র্ক উডস্ লাইব্রেরি থিয়েটার হলে মঞ্চস্থ হলো সরিষায় ভূত নাটক। নাটকটি লিখেছেন টরন্টোপ্রবাসী দুরন্ত প্রকাশ। যৌথ ভাবে নির্দেশনায় ছিলেন লেখক ও টরন্টোপ্রবাসী নৃত্যশিল্পী অরুণা হায়দার। নাটকটির প্রতিপাদ্য ছিল সবার ওপরে মানুষ সত্য, মানবতায় আসল ধর্ম ও ধর্মীয় কুসংস্কার।

একটি সফল নাটক মঞ্চায়নের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে কলাকুশলীসহ মঞ্চ সজ্জার কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা। নিজ দেশে এ কাজটি সহজ হলেও প্রবাসে এটা করা কিছুটা কঠিন। তার পরও বাংলাদেশ থিয়েটার টরন্টোর সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় নাটকটির প্রতিটি দৃশ্য ও প্রেক্ষাপট চমৎকার ভাবে ফুটে ওঠে। প্রতিটি দৃশ্য শেষে দর্শকরা ঘনঘন করতালির মাধ্যমে অভিনয় শিল্পীদের উৎসাহিত করেন। যথার্থ আবহ সংগীত ও আলোক প্রক্ষেপণ নাটকটির মাধুর্য আরও বাড়িয়ে তোলে। সমসাময়িক প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ নিয়ে রচিত নাটকটির সহজ ও সাবলিল উপস্থাপন ছিল দৃষ্টি নন্দন।

নাটক শুরু হওয়ার আগে টরন্টোপ্রবাসী নজরুল সংগীত শিল্পী কাউসার জাহান দিপ্তী গান পরিবেশন করেন। তিনি শুরু করেন দেশের গান দিয়ে। এর পর একে একে ভিন্ন আঙ্গিকের নানা গান পরিবেশনার মাধ্যমে তিনি শ্রোতাদের মন জয় করে নেন।

এর পর ছিল সুকন্যা নৃত্যাঙ্গনের ক্ষুদে নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশনা। তাদের নৃত্যের তালে পুরো মিলনায়তনে চমৎকার একটি আবহ সৃষ্টি হয়। নৃত্য পরিচালনায় ছিলেন সুকন্যা নৃত্যাঙ্গনের কর্ণধার নৃত্যশিল্পী অরুণা হায়দার।

সরিষায় ভূত নাটকটিতে অভিনয় করেন অরুণা হায়দার, দুরন্ত প্রকাশ, ফাহমিদা ইসলাম, মহর্ষী সাহা, মইনুল দেলোয়ার, রোমিও পেন হেইরো, সুষ্মিতা সাহা, তৃষিতা প্রিতম ও অজন্তা চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিবুল্লাহ দুলাল ও রোমান চৌধুরী।

বাংলাদেশ থিয়েটার টরন্টোর ২২ বছরের পথ চলায় এটা ছিল ১৭তম নাটক মঞ্চায়ন। ভবিষ্যতে তাদের এমন প্রচেষ্টা অব্যহত থাকবে—এই প্রত্যাশা টরন্টোর প্রতিটি নাট্য পিপাসু দর্শকের।

 অজন্তা চৌধুরী

 ব্রাম্পটন, টরন্টো, কানাডা