সম্প্রতি কানাডার টরন্টো মাতিয়ে এলেন চট্টগ্রামের শিল্পীদম্পতি শান্তনু বিশ্বাস ও শুভ্রা বিশ্বাস। ভারতীয় ও বাংলাদেশিদের নিয়ে গঠিত প্রবাসী বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে তাঁরা টরন্টো গিয়েছিলেন। সেখানে শান্তনু বিশ্বাস দুটি অনুষ্ঠানে গান করেন এবং শুভ্রা বিশ্বাস একটিতে অভিনয় করেন। জানা যায়, প্রথম অনুষ্ঠানটি হয় ডন বস্কো মিলনায়তনে, ভারতীয় শিল্পীদের সঙ্গে। ভারতীয় শিল্পীদের মধ্যে ছিলেন জোজো, শাহেদ, একান্ত প্রমুখ। সেখানে সবার জন্য ৪০ মিনিট সময় বরাদ্দ ছিল। কিন্তু শান্তনু বিশ্বাস স্বভাবসুলভভাবে যখন গল্পে গল্পে তাঁর অ্যালবাম পোস্টম্যান ও চিরকুটের গানগুলো পরিবেশন করছিলেন, তখন দর্শকেরাও তাঁর সঙ্গে একাত্ম হয়ে যান। শান্তনুর গান শুনতে শুনতে মুগ্ধ দর্শকেরা বুঝতেই পারেননি কখন সময় শেষ হয়ে গেছে। কিন্তু দর্শক তাঁকে কিছুতেই মঞ্চ ছাড়তে দেবে না। অগত্যা তাঁকে অতিরিক্ত আরও ২০ মিনিট গাইতে হলো। দ্বিতীয় অনুষ্ঠানটি ছিল বাংলাদেশিদের সঙ্গে কানাডিয়ান লিজেন মিলনায়তনে। এটি ছিল একক সংগীতানুষ্ঠান। সেখানে শান্তনু নিজের লেখা ও সুরে ১৮টি ও পুরোনো দিনের কিছু গানসহ মোট ২৭টি গান করেন। নিজের লেখা গানগুলোর মধ্যে করেন পোস্টম্যান-এর ‘সবারই শ্রেষ্ঠ সময়’, ‘তুমি ছুঁয়ে দিলে’, ‘যদি ফুটপাত...’, চিরকুট থেকে করেন ‘কাঁঠাল-চাঁপার গন্ধে বিভোর’, ‘ভিজে মেঘের দুপুর...’, ‘বহমান নদী...’। তাঁর কথা, সুর ও গায়কি মুগ্ধ করেছে দর্শকদের। এই অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল অভিনয়শিল্পী শুভ্রার একক অভিনয়। তিনি ‘আমি বীরাঙ্গনা বলছি’র পাঠ অভিনয় করে দর্শকদের অভিভূত করেন। তাঁর অভিনয় মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিকে জাগিয়ে তোলে। সেই বিপন্ন সময়ের স্মৃতিতাড়না অনেককেই অশ্রুসজল করে তুলেছিল, এমনই প্রাণস্পর্শী ছিল শুভ্রার পাঠ অভিনয়।