টর্নেডো বিধ্বস্ত বিদ্যালয় ভবন সংস্কার হয়নি ছয় মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টর্নেডো বিধ্বস্ত মহেশখালী উপজেলার ধলঘাট আদর্শ উচ্চবিদ্যালয় ভবন গত ছয় মাসেও সংস্কার হয়নি। এতে ওই বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ভবনটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করলেও এখনো পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, গত জুন মাসে টর্নেডোর কবলে পড়ে ধলঘাট আদর্শ উচ্চবিদ্যালয়ে অষ্টম ও নবম শ্রেণির তিন কক্ষবিশিষ্ট ভবন বিধ্বস্ত হয়। এ কারণে এই বিদ্যালয়ের দুটি শ্রেণির শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে ক্লাস করছে। গত সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, টর্নেডোয় বিধ্বস্ত ভবনের দরজা-জানালা ভেঙে গেছে। ভবনের টিনের ছাউনিও নেই। নবম শ্রেণির ছাত্র কামাল হোসেন জানায়, ‘টর্নেডোর পর খোলা আকাশের নিচে ক্লাস করছি। বৃষ্টি হলে পাঠদান বন্ধ হয়ে যায়।’ অভিভাবক ও শিক্ষকেরা জানান, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় বিভিন্ন সময়ে দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ বলেন, ‘বিদ্যালয়ে ভবন আছে তিনটি। এর মধ্যে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় একটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরেকটি ভবন টর্নেডোর আঘাতে ভেঙে গেছে। সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে আবেদন করলেও সাড়া মেলেনি।’ ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘সংস্কারের অভাবে বিদ্যালয়ের দুটি ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।’ এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘জরুরি ভিত্তিতে ওই বিদ্যালয়ের টর্নেডো বিধ্বস্ত ভবন সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’