টাইগার পাসে এখনো বাঘ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের মেহেদিবাগে বিস্তার আর্ট গ্যালারিতে আয়োজিত সৈয়দ মো. সোহরাব জাহানের শিল্পপ্রদর্শনী ঘুরে দেখছেন দর্শকেরা
নগরের মেহেদিবাগে বিস্তার আর্ট গ্যালারিতে আয়োজিত সৈয়দ মো. সোহরাব জাহানের শিল্পপ্রদর্শনী ঘুরে দেখছেন দর্শকেরা

‘টাইগার পাস’ সড়কে এখন আর বাঘ রাস্তা পার হয় না। তবু শিল্পী সৈয়দ মো. সোহরাব জাহান এই সড়কে বাঘের আনাগোনা দেখতে পান। নগরায়ণের ফলে হারিয়ে যাওয়া এই বাঘ তাঁর শিল্প জগতেরই বাসিন্দা। ‘টাইগারস স্টিল পাস অ্যাট টাইগার পাস’ শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনীতে সেই অদেখা জগৎই উন্মোচিত হলো দর্শকদের সামনে। নগরের মেহেদিবাগের বিস্তার আর্ট গ্যালারিতে চার দিনব্যাপী এই শিল্পকর্ম প্রদর্শনী শেষ হয় ৫ সেপ্টেম্বর।

স্থাপনাশিল্প, রিলিফ, টেরাকোটা নির্ভর ড্রয়িং, ভিডিও আর্ট, ভাস্কর্যসহ ২১টি শিল্পকর্মের মধ্য দিয়ে সোহরাব দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করান। তাঁর প্রকাশভঙ্গি বিচিত্র 

প্রদর্শনীতে স্থান পাওয়া একটি শিল্পকর্ম
প্রদর্শনীতে স্থান পাওয়া একটি শিল্পকর্ম

এবং একই সঙ্গে বলিষ্ঠ। ফ্যান্টাসি, বিজ্ঞাপন চিত্রের ভাষা, যন্ত্রকৌশল—আধুনিক নগর সভ্যতার এসব অনুষঙ্গের ব্যবহারও দেখা যায় তাঁর শিল্পকর্মে। ফলে দর্শক চট করেই যোগাযোগ স্থাপন করতে পারেন তাঁর ভাবনার সঙ্গে।

ব্যতিক্রমধর্মী এই প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন শিল্পী ঢালী আল মামুন, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার ও বিস্তার আর্টস কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ।

 ব্যঙ্গ, রসিকতা আর শ্লেষ এসবের সাহায্য নিয়ে দর্শককে কিছু বলার চেষ্টা করেন সোহরাব। কিন্তু আদতে তিনি করুণ বাস্তবতাই তুলে ধরেন। তিনি বলেন, এক দয়াহীন নিষ্ঠুর পৃথিবীর কথা, যেখানে বাঘ মানুষের বঁটির ঘায়ে কাটা পড়ছে। বাঘ হত্যা বুঝি মাছ কাটার মতোই সহজ, সাধারণ বিষয় আজকের দুনিয়ায়। সুন্দরবনের ধ্বংসধ্বনি শুনতে পাওয়া দর্শকেরা বুঝি অনাগত এক ভবিষ্যতের ছবিই দেখতে পান।
প্রদর্শনীতে ঢোকার পর চোখে পড়বে মাথাহীন বাঘরূপী এক বিড়াল বসে রয়েছে টেবিলে। তার সামনেই বাঘের চামড়ায় ঢাকা টেলিভিশন স্ট্যান্ড। যেখানে রাখা টেলিভিশনের পর্দায় দেখা যায় একটি ক্রন্দনরত কমিক বাঘ। স্থাপনা শিল্পটির নামও চমকপ্রদ—‘এ রয়েল বেঙ্গল ক্যাট, সির্টিং অন এ রয়েল বেঙ্গল টেবিল, ইন ফ্রন্ট অব এ রয়েল বেঙ্গল টিভি, ওয়াচিং এ রয়েল বেঙ্গল টাইগার ক্রাই।’ বাঘ এখন নিজের সত্তা হারিয়ে গৃহের আসবাবে পরিণত হয়েছে। বাঘকে আসবাবপত্রে পরিণত করার করুণ চিত্র উপস্থাপন করেছেন শিল্পী।
বিস্তার আর্টস কমপ্লেক্সের বারান্দা থেকে পাশের পরিত্যক্ত ঘাসে ছাওয়া এক খণ্ড জমির ওপর প্রজেক্টর দিয়ে ভিডিও চিত্র দেখানোর ব্যবস্থা করা হয়েছে। ঘাসে ছাওয়া জমিটা যেন পটভূমি। তার ওপর এঁকেবেঁকে যাচ্ছে একটি সাপ। অভিনব এই ভিডিও চিত্র প্রদর্শনীর চৌহদ্দি বাড়িয়ে বাইরের খোলা প্রান্তরেও নিয়ে গেছে। আর আশপাশের ভবনের বাসিন্দাদের সঙ্গে তৈরি করেছে যোগসূত্র।
প্রদর্শনী শুরু হওয়ার আগে গত ৩০ আগস্ট টাইগার পাসে অনুষ্ঠিত হয় শিল্পীর পরিকল্পনায় পাবলিক পারফরম্যান্স ‘টাইগার পাসে এখনো টাইগার পাস করে’। পারফরম্যান্স আর্টে অংশ নেন শিল্পী জাহেদ আলী চৌধুরী, শায়লা শারমিন, জয়দেব রোয়াজা ও চারুকলার শিক্ষার্থীরা। এই পারফরম্যান্স আর্টের ভিডিওটি প্রদর্শনীতে স্থান পায়।