টাইগারপাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পশুসমাজের জরুরি মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ের শুরুতেই সভাপতি সিংহ বলল, ‘শরমে মরণাপন্ন হয়ে আপনাদের শরণাপন্ন হলাম! বনের গোডাউনে বসে না থেকে শোডাউনের সময় এসেছে! আপনারা সিংহভাগ জানেন যে পশুদের অপমান করা হচ্ছে। মানুষেরা ইভ টিজারদের পশুর সঙ্গে তুলনা করছে! অথচ আমাদেরও কিছু নীতি আছে; মা-বোনদের আমরা এভাবে আক্রমণ করি না! ইভ টিজাররা আমাদের চেয়েও অধম; পশুর টাইটেল পাওয়ার অধিকার তাদের নেই।’
সিংহ থামতেই সেখানে উপস্থিত খচ্চর বলে উঠল, ‘ইভ টিজার বলে কেউ নেই সমাজে; এরা মিডিয়ার সৃষ্টি! মানুষের পোলাপান ইভ টিজিং করেছে, এমন কোনো প্রমাণ আছে আপনার কাছে? আর ইভ টিজিং করলেই সমস্যা কী; ইভ টিজারদের আমাদের নাম ধরে গালি দিলেই বা অসুবিধা কোথায়? ইটস আ হানড্রেড পার্সেন্ট লাভ লাভ লাভ...’
সিংহ খেঁকিয়ে উঠল, ‘খামোশ, খচ্চর কোথাকার! একেবারে গোবর দিয়ে ফেশিয়াল করে দেব!’
শিয়াল বলল, ‘ইভ টিজারদের বিরুদ্ধে পশুদের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া উচিত।’
হঠাৎ​ ঘোড়া বলল, ‘পিটাছায় লিটাথি মিটারতে হিটবে।’
সিংহ মহাবিরক্ত হয়ে বলল, ‘উফ্‌, ঘোড়ার আবার ঘোড়ারোগ শুরু হয়েছে!’
ঘোড়া: এটা ঘোড়ারোগ না বস; কোডেড ভাষা! এর অর্থ ইভ টিজারদের পাছায় লাথি মারতে হবে!
সিংহ: তুমি তো শুধু লাথি নিয়েই আছ। লাথি-খামচিতে আমাদেরই লজ্জা লাগে না; আর ইভ টিজার তো পশুর চেয়েও অধম! এগুলোতে ওদের কিচ্ছু আসবে-যাবে না।
এমন সময় গাধা বলে উঠল, ‘কত কথা বলে রে! কথা হবে কম, খাটতে হবে বেশি—একেবারে গাধার খাটুনি! এত বকবক না করে বানর ভাইকে জিজ্ঞেস করলেই উত্তর মিলবে। কারণ, বান্দর ক্যাটাগরির মানুষের শাস্তি কী হওয়া উচিত, তা বান্দরই ভালো বলতে পারবে!’
বানরকুল গাছের ডালে ডালে বাঁদরামিতে ব্যস্ত। সভায় উপস্থিত হওয়া একমাত্র বানরও একটু পরপর মীনার টিয়া পাখির মতো ‘আমার নাম গিট্টু... আমার নাম গিট্টু...’ বলায় ব্যস্ত! গাধার প্রশংসায় বানর আহ্লাদে আটখানা ডিগবাজি দিয়ে বলল, ‘বান্দর-স্বভাবের ইভ টিজারদের জন্য একটাই শাস্তি।’
সব পশু সমস্বরে জানতে চাইল, ‘কী?’
বানর বলল, ‘বাংলাওয়াশ! এক্কেরে টাইগার পাঞ্চ!’