টাইটানিকের পুরো প্রতিরূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নর্দান আয়ারল্যান্ডের বেলফাস্টে নির্মিত টাইটানিক নামের সুবিশাল জাহাজটির খ্যাতি বিশ্বজুড়ে। হুবহু এটির মতো একটি জাহাজ বানাচ্ছে চীন। কাজটি শেষ হলে সেটি হবে দেশটির একটি থিম পার্কের মূল আকর্ষণ।
২৬৯ মিটার লম্বা প্রতিরূপ (রেপ্লিকা) জাহাজটি চীনের সিচুয়ান প্রদেশের একটি সংরক্ষণকেন্দ্রে স্থায়ীভাবে বসানো হবে। এ জন্য নির্মাণশ্রমিকেরা কাজ শুরু করেছেন গত বৃহস্পতিবার। মূল জাহাজটি বানিয়েছিল বেলফাস্টের হারল্যান্ড অ্যান্ড উলফ নামের একটি প্রতিষ্ঠান। বিরাট বরফখণ্ডে ধাক্কা খেয়ে আটলান্টিক মহাসাগরের উত্তর অংশে ১৯১২ সালে বিধ্বস্ত হয়েছিল টাইটানিক। বেদনাদায়ক সেই ঘটনায় দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশে জাহাজটি প্রথমবার যাত্রা করেই তলিয়ে গিয়েছিল।
টাইটানিক দুর্ঘটনার সেই মর্মস্পর্শী কাহিনি নিয়ে চীনের অনেকে এখনো মোহাবিষ্ট। হলিউড তারকা কেট উইন্সলেট ও লিউনার্দো ডিক্যাপ্রিও জুটির অভিনয়ে টাইটানিক (১৯৯৭) চলচ্চিত্রটিও চীনে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালক জেমস ক্যামেরন ওই ছবির জন্যই টাইটানিকের আদলে একটি জাহাজ বানিয়েছিলেন। তবে সেটা ছিল ৯০ শতাংশ প্রতিরূপ, সম্পূর্ণ নয়।
অস্ট্রেলীয় ধনকুবের ক্লিভ পালমার ২০১২ সালে টাইটানিকের একটি প্রতিরূপ নির্মাণের ঘোষণা করেন। তবে ওই প্রকল্প এখনো শেষ হয়নি। চীনা প্রতিরূপটিতে মূল জাহাজের ভেতরের অংশগুলোও থাকবে। যেমন: বলরুম, থিয়েটার, সুইমিংপুল, প্রথম শ্রেণির কেবিন ইত্যাদি। আরও থাকবে ওয়াই-ফাই ইন্টারনেট।
চীনা একটি প্রতিষ্ঠান ২০১৪ সালে ১০০ কোটি ইউয়ানের ওই প্রকল্প প্রথম ঘোষণা করে। দেশটিতে অভ্যন্তরীণ পর্যটন খাত দিন দিন বিকশিত হচ্ছে। সরকার এতে উৎসাহ দিচ্ছে।