টাইমের প্রচ্ছদে এসেছিলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত রাজনীতি, সমাজ, ভূরাজনীতি, বিজ্ঞান-পরিবেশ-প্রকৃতি বিষয়ে যাঁরা কাজ করেন কিংবা সেই দুনিয়ার ব্যক্তিত্বদের দেখা যায় টাইম-এর প্রচ্ছদে। ১৯২৩ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন টাইম-এর প্রকাশনা শুরু হয়। ব্রিটন হ্যাডেন ও হেনরি লুস এই সাপ্তাহিক ম্যাগাজিন প্রতিষ্ঠা করেন। বর্তমানে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও সাউথ প্যাসিফিক সংস্করণ প্রকাশিত হচ্ছে ম্যাগাজিনটির। এখন প্রায় ২ কোটি ৬০ লাখ পাঠক আছে ম্যাগাজিনটির। এই ম্যাগাজিনের প্রচ্ছদে চলচ্চিত্র, টিভি বা ক্রীড়াতারকাদের দেখা যায় অন্য কারণে। সামাজিক কোনো কাজ কিংবা অন্য রকম কোনো কাজের জন্য। এমনই কয়েকজন তারকার কথা পড়ুন আজকের অধুনায়।

আমেরিকার আশা যখন ওয়ারেন বাফেট

২০১২ সালের ২৩ জানুয়ারি ‘আশাবাদী’ শিরোনামে ওয়ারেন বাফেটকে প্রচ্ছদে এনেছিল টাইম ম্যাগাজিন। ওয়ারেন বাফেট কীভাবে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত আমেরিকার ভবিষ্যৎ হতে পারেন, তা-ই লিখেছিলেন নারী সাংবাদিক রানা ফোরোহার তাঁর প্রচ্ছদ রচনায়। সেই লেখায় ব্যবসা-দুনিয়াতে কীভাবে স্বচ্ছতা ও সততা রেখে পৃথিবীর শীর্ষ ধনী হয়েছেন ওয়ারেন বাফেট, তা-ই তুলে ধরা হয়েছে। নিজ সম্পর্কে বাফেট সেই লেখায় বলেছেন, ‘আমার শুরুটা হয়েছিল সেই ১৯৩০ সালে। ভাগ্যই আমাকে সামনে নিয়ে যাচ্ছে।’

আমেরিকার প্রতিপত্তির ভাগ্য যে ওয়ারেন বাফেটের ভাগ্যের ওপর অনেকটাই নির্ভরশীল, তা-ই প্রমাণের চেষ্টা করেছেন সাংবাদিক রানা।

ইতিহাস রচয়িতা টম হ্যাংকস

বেশ কবারই টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে হলিউডের অভিনয়শিল্পী টম হ্যাংকসের ছবি দেখা গেছে। এর মধ্যে ১৯৯৯ সালের ৮ মার্চ ও ২০১০ সালের ১৫ মার্চ সংখ্যাকে বেশ গুরুত্বপূর্ণ ভাবা হয়। ১৯৯৯ সালে কীভাবে হলিউড জয় করেছেন, তা-ই প্রকাশ করে টাইম। আর ২০১০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর দ্য প্যাসিফিক টিভি সিরিজ তৈরির জন্য টাইম-এর প্রচ্ছদে জায়গা করে নেন। যুদ্ধকালীন ইতিহাস তরুণ প্রজন্মের কাছে শিক্ষামূলক করে প্রদর্শনের জন্য এইচবিওর জন্য তিনি এই টিভি সিরিজ তৈরি করেন। তিনি বলেন, ‘আমার ছোটবেলা থেকেই ইতিহাসের প্রতি আগ্রহ। শিশু-কিশোরেরা বইপত্রে ইতিহাস পড়তে চায় না, তাই আমি টেলিভিশনের মাধ্যমে তাদের ইতিহাস সম্পর্কে আগ্রহ তৈরি করতে চাই।’

স্তন ক্যানসারের বিরুদ্ধে অ্যাঞ্জেলিনা জোলি

সিনেমা-দুনিয়ার বাইরে দাতব্য কাজের জন্য বেশ পরিচিত অ্যাঞ্জেলিনা জোলি। সৌন্দর্যকে ছাপিয়ে নিজের ব্যক্তিত্বের জোরে ‘অ্যাঞ্জেলিনা ইফেক্ট’ নামে তাঁকে দেখা যায় ২০১৩ সালের মে মাসের টাইম-এর প্রচ্ছদে। স্তন ক্যানসারের জন্য দায়ী বিআরসিএওয়ান নামের জিন অপসারণের জন্য সার্জনের ছুরির নিচে দেখা যায় তাঁকে। স্তন ক্যানসারের জন্য অপারেশন অন্যদের ওপর কেমন প্রভাব তৈরি করবে, কীভাবে আমেরিকার নারীদের স্বাস্থ্যঝুঁকি কমাবে, তা-ই লেখা হয়েছিল সেই নিবন্ধে। সাংবাদিক জেফরি ক্লুজার ও অ্যালিস পার্ক তাঁদের লেখায় জোলির ঝুঁকি ও প্রভাব তুলে ধরেছিলেন।

ব্রিটিশ সাম্রাজ্য কাঁপানো প্রিন্সেস ডায়না

প্রিন্সেস ডায়না ব্রিটিশ রাজপরিবারের সদস্য হওয়ার আগেই ঠাঁই নিয়েছিলেন ১৯৮১ সালে টাইম প্রচ্ছদে। প্রিন্সেস ডায়নাকে বেশ কবারই দেখা যায় টাইম ম্যাগাজিনে। প্রিন্সেস ডায়নার ব্যক্তিত্ব, দাতব্য বিভিন্ন কাজ আর সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তাই টাইম ম্যাগাজিনে বারবার দেখা যায়। দুর্ঘটনায় মৃত্যুবরণের পরে শুধু প্রিন্সেস ডায়নার একটি ছবিকে প্রচ্ছদে ছাপিয়েছিল টাইম, যেখানে কোনো লেখা ছিল না। ২০০৭ সালে মৃত্যুর ১০ বছর পরে ডায়না কেন গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রচ্ছদ রচনা ছেপেছিল টাইম। একজন সাধারণ রাজবধূ কীভাবে ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়েছিলেন, তা-ই লিখেছিলেন সাংবাদিক ক্যাথরিন মেয়ার।

লিওনেল মেসি যখন রাজা

২০১২ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় লিওনেল মেসিকে দেখা যায় টাইমের ইউরোপীয় সংস্করণের প্রচ্ছদে। দরিদ্র পরিবার থেকে আসা মেসি কীভাবে ফুটবল-দুনিয়াকে কাঁপাচ্ছেন, তা-ই লেখা হয় টাইম ম্যাগাজিনে। ক্লাব পর্যায়ে তারকাখ্যাতি পাওয়া মেসি কেন নিজ দেশে জনপ্রিয় নন, সেটিই ছিল আসলে ‘কিং লিও’ নামের লেখাটির মূল বিষয়। সাংবাদিক ববি ঘোষ লিখেছিলেন, ‘মেসি যতটা না তার দেশের তার চেয়ে বেশি ফুটবলের।’

প্রভাবশালী আমির খান

২০১৩ সালে টাইম ম্যাগাজিনের চোখে পৃথিবীর শীর্ষ প্রভাবশালী একজন ব্যক্তিত্ব নির্বাচিত হন বলিউডের অভিনেতা আমির খান। আমির খানকে নিয়ে ২০১৩ সালের এপ্রিল মাসে বিশেষ এশীয় সংস্করণের প্রচ্ছদ ছাপায় টাইম ম্যাগাজিন। সেই ম্যাগাজিনে আমিরকে নিয়ে লিখেছেন বলিউডের আরেক তারকা সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান। আমির খানের সিনেমায় কীভাবে ভারতীয় সামাজিক পরিবেশের চিত্র তুলে ধরা হয়, তা-ই লিখেছিলেন এ আর রহমান। এ আর রহমানের ভাষ্যে, ‘আমির খান জানেন কীভাবে সমাজকে কোথায় নাড়া দিতে হয়।’

দুর্দান্ত অপরাহ্ উইনফ্রে

১৯৯৮ সালের টাইম প্রচ্ছদে টেলিভিশন-ব্যক্তিত্ব অপরাহ্ উইনফ্রেকে দেখা যায়। সাধারণ একজন তরুণী কীভাবে আমেরিকার সবার প্রিয় হয়ে ওঠে, তা-ই ছিল সেই প্রচ্ছদ রচনার মূল বিষয়। পারিবারিক অশান্তি, অশান্ত শৈশব আর কৈশোর, নির্যাতিত অপরাহ্ কীভাবে নিজেকে বদলে তুলেছিলেন, তা-ই জানা যায় সেই নিবন্ধে। অপরাহ্ বলেছিলেন, ‘আমার শৈশবটা আর দশটি কিশোরীর মতোই ছিল, ভয় আর উৎকণ্ঠায় ভরা। আমি যেভাবে সামনে এগিয়ে আসার শক্তি পেয়েছি, অনেকেই তা পায় না। তাদের নিয়েই আমার ভাবনা।’

প্রভাবশালী মার্কের কথা

২০১০ সালে টাইম–এর পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ১৯৮৪ সালে জন্ম নেওয়া এই তরুণ কীভাবে ইন্টারনেট-দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন, তা-ই তুলে ধরা হয় টাইম-এর ২০১০ সালের ডিসেম্বরের প্রচ্ছদ প্রতিবেদনে। অনলাইনের সামাজিক জীবনকে কীভাবে মার্ক জাকারবার্গ নতুন করে চিনিয়েছেন, তা-ই লিখেছিলেন সাংবাদিক লেভ গ্রসম্যান। মার্ক জাকারবার্গকে ভীষণ গুরুত্ব দিয়ে সাত হাজারের বেশি শব্দের প্রচ্ছদ প্রতিবেদন ছাপিয়েছিল টাইম।

টাইম অবলম্বনে

জাহিদ হোসাইন খান