টাইলস যখন সৌর প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদ্যুতিক মোটরগাড়ি নির্মাতা যুক্তরাষ্ট্রের টেসলা কোম্পানি এবার বিকল্প জ্বালানি প্রযুক্তির ব্যবসায় নেমেছে। পরিবেশবান্ধব বাড়ির উপযোগী বিশেষ টালি বা টাইলস নিয়ে এসেছে তারা। কাচের তৈরি এই টাইলসে আছে সৌর প্যানেল। ফলে ছাদে বসালে তা থেকে পাওয়া যাবে বিদ্যুৎশক্তি। বাড়তি প্যানেলের আর দরকার পড়বে না।
টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলন মাস্ক গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে ওই সৌর টাইলস উন্মোচন করেন। বললেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এখন এক মারাত্মক সমস্যা। এটা রুখতে অবশ্যই কিছু করা দরকার। সৌর প্যানেল একেবারে নতুন নয়। তবে এতে রূপান্তর আনতে হবে। তাঁদের ইচ্ছা, সৌর প্যানেলযুক্ত ছাদ সাধারণ ছাদের চেয়েও সুন্দর হবে। সেখানে বিদ্যুৎ যেমন উৎপাদন হবে, তেমনি ছাদের স্থায়িত্বও বাড়বে। অন্তরণ আরও ভালো হবে। সাধারণ ছাদ এবং বিদ্যুৎ মিলিয়ে মোট যে খরচ হয়, তার চেয়ে কম খরচে সৌর-ছাদ দিতে পারলে লোকে অবশ্যই সেটা লুফে নেবে। সৌর প্যানেল নির্মাতা সোলারসিটির সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে টেসলা সেই কাজটাই করেছে।