টাক মাথা নিয়ে মাথাব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাক মাথা
টাক মাথা

বছর বয়সী পুরুষদের প্রায় সবার এবং ৫০ বছরের প্রায় অর্ধেক পুরুষের মাথায় টাক রয়েছে৷
টাক মাথার পুরুষ আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকেন
কম আকর্ষণীয় ও বুড়োটে দেখাচ্ছে ভেবে বিষণ্ণতায় ভোগেন
ডা. মো. মনিরুজ্জামান খান
বয়সের সঙ্গে সঙ্গে পুরুষদের মাথায় টাক পড়ে৷ মাথায় টাক পড়া একটা স্বাভাবিক প্রক্রিয়া, কোনো রোগ নয়৷ কিন্তু এর মনোজাগতিক প্রভাব রয়েছে৷ তবে এ জন্য আছে নানা রকম স্বীকৃত চিকিৎসাপদ্ধতি৷
কেন টাক পড়ে?
আমাদের চুল জন্মায় মাথার ত্বকের হেয়ার ফলিকল থেকে৷ সাধারণত একটা চুল প্রায় তিন বছর আয়ু কাটানোর পর ঝরে যায় ও সেই শূন্য ফলিকল থেকে আরেকটা নতুন চুল জন্মায়৷ এই জন্ম-মৃত্যুর চক্র সারা জীবন ধরে চলতে থাকে৷ বয়সের সঙ্গে ফলিকলগুলো সংকুচিত হয়ে আসে৷ ফলে নতুন চুলগুলো পাতলা ও দুর্বল হয়ে গজায়৷ এদের আয়ুও যায় কমে৷ ফলে সময়ের আগেই এরা ঝরে যায় এবং মাথার ত্বক অনাবৃত হতে থাকে৷
কার কখন টাক পড়তে শুরু হবে, তার অনেকটাই পারিবারিক ও জেনেটিক ইতিহাসের ওপর নির্ভর করবে৷ তবে পুরুষদের কম-বেশি সবারই টাক পড়ার পেছনে রয়েছে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের কারসাজি৷ হেয়ার ফলিকলে টেস্টোস্টেরন পরিবর্তিত হয়ে ডাই হাইড্রো টেস্টোস্টেরনে পরিণত হয়৷ আর এই রাসায়নিকের কারণেই ফলিকল অতি সংবেদনশীল হয়ে ওঠে ও সংকুচিত হয়৷
টাকেরও আছে চিকিৎসা
টাক মাথার জন্য চিকিৎসা লাগবেই, এমন কোনো কথা নেই৷ কারও যদি এ নিয়ে মাথাব্যথা না থাকে, তবে চিকিৎসার প্রয়োজন নেই৷ আর যাঁদের আছে, তাঁদের জন্য দুই ধরনের ওষুধ বর্তমানে চিকিৎসকেরা ব্যবহার করে থাকেন৷ ফিনেস্টেরাইড নামের বড়ি টেস্টোস্টেরনকে ডাই হাইড্রো টেস্টোস্টেরনে পরিবর্তিত হতে বাধা দেয় এবং এভাবে টাক পড়া কমায়, নতুন চুল গজাতেও সাহায্য করে৷ তবে ফল পেতে কয়েক মাস অপেক্ষা করতে হবে, ওষুধ বন্ধ করলে আবারও আগের অবস্থায় ফিরে যাবেন এবং এটি নারীরা ব্যবহার করতে পারবেন না৷ আর মিনোক্সিডিল হচ্ছে একধরনের মলম, যা প্রতিদিন মাথার ত্বকে ঘষলে উপকার পাওয়া যায়৷ এ ক্ষেত্রেও একই কথা, যত দিন ব্যবহার করবেন, তত দিনই এর সুফল মিলবে৷ তবে বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে নারীরাও ব্যবহার করতে পারবেন৷ টাক মাথার জন্য এ ছাড়া কার্যকর চিকিৎসা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট৷ তা ছাড়া পরচুলা ব্যবহার করা যেতে পারে৷
নয় কোনো টোটকা
পুরুষদের টাক পড়ার পেছনে একটি প্রাকৃতিক ও স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে, যা কেউ রোধ করতে পারবে না৷ তাই স্বীকৃত চিকিৎসাপদ্ধতির বাইরে কোনো টোটকা, কবিরাজি বা ম্যাজিক দাওয়াইয়ে ফল তো হবেই না, বরং ক্ষতি হতে পারে৷ এমনকি সঠিক চিকিৎসা নেওয়ার আগেও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন৷ l চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল|