
আধুনিক মিথ মতে ধারণা করা হয়, সদ্য প্রেমে পড়া এক যুবক একদিন গিয়েছিল ঢাকার মিরপুরে অবস্থিত চিড়িয়াখানায়। পশু-পাখির পাশাপাশি প্রেমিকার সঙ্গে কিছুটা সময় কাটানোই ছিল তার উদ্দেশ্য। ২০+২০=৪০ টাকা প্রবেশমূল্য দিয়ে তারা প্রবেশ করেছিল চিড়িয়াখানায়। ভেতরে ঢুকতেই চিড়িয়ার পরিবর্তে যুবক প্রথম আবিষ্কার করেছিল গণশৌচাগার। যুবক সেখানে ছুটে যায় লটারি বিজয়ীর মতো উল্লাস করতে করতে। ৫ টাকার বিনিময়ে সাড়া দেয় প্রকৃতির ডাকে। এরপর মুগ্ধ নয়নে প্রেমিকার মুখের দিকে তাকিয়ে হাঁটতে থাকে চিড়িয়াখানায়। হাঁটাহাঁটির একপর্যায়ে যুবক বুঝতে পারে, প্রেমিকার খিদে পেয়েছে। অতি দ্রুত ১৫ টাকার চিপস ২০ টাকায় কিনে প্রেমিকার খিদে নিবারণ করে সে। চিপস শেষ হতেই দুজনেরই একসঙ্গে পানির তেষ্টা পেলে যুবক আবার ছোটাছুটি করে বিনা বাক্যব্যয়ে ২০ টাকার পানির বোতল ৩০ টাকায় কিনে ফেলে। কেননা যুবক জানত, প্রেমিকার সামনে পৃথিবীর সব পণ্য ‘ফিক্সড প্রাইজ’। কোনো কিছুর দরদাম করতে নেই।
পানি শেষ করে তারা ৫+৫=১০ টাকার প্রবেশমূল্য দিয়ে কৃত্রিম জাদুঘরে ঢুকে পড়ে। জাদুঘর থেকে বেরোনোর পর যুবকের আবার প্রকৃতির ডাক পায়। (ধারণা করা হয়, ৩০ টাকার পানির বোতলের পুরোটাই শেষ করায় প্রকৃতি তাকে ওভাবে আকুল হয়ে ডেকেছিল।) ফলে আবার তাকে যেতে হয় চিড়িয়াখানার গণশৌচাগারে। কর্মসম্পাদনের পর সেবার ৫ টাকা বের করে দিলেও দায়িত্বরত ব্যক্তিটি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ৫ টাকার বদলে দাবি করে ১০ টাকা! এ বিষয়ে বাদানুবাদের একপর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার মানিব্যাগটাই রেখে দেয়! বেশি বাড়াবাড়ি করলে বারবার প্রকৃতির ডাক শুনতে পাওয়ার পাকাপোক্ত ব্যবস্থা করে দেবে বলে শাসানিও দেয় তারা। আর এভাবেই সেদিন যুবকের পকেট থেকে টাকা চলে গিয়েছিল।
নাথিং ডটকম অবলম্বনে হুমায়ূন হানিফ