টাকা দিলেই শিল্পী, সুরকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার কাছে ‘সিটিভি’ নামে পরিচিত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ১৬ বছরেও নিজের পায়ে দাঁড়াতে পারেনি। মানহীন অনুষ্ঠান সম্প্রচার চলছেই। কেন্দ্রটি চালুর পর থেকেই নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির কথা শোনা গেছে। প্রতিশ্রুতি থাকলেও এটি গড়ে উঠতে পারেনি পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে।অভিযোগ রয়েছে, অপেশাদার ও যোগ্যতাহীন লোকজনও টাকার বিনিময়ে সিটিভিতে অনুষ্ঠান করার সুযোগ পান। টাকা দিলে এমনকি গীতিকার, সুরকার, শিল্পী হিসেবেও তালিকাভুক্ত হওয়া যায়। কেন্দ্রের একশ্রেণীর কর্মকর্তা কর্মচারী এই দুর্নীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বলে জানা গেছে।নানা সময়ে নানা জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বদলি হয়েছেন। তবে দুর্নীতির ঘটনাগুলো বরাবরই আড়ালে থেকে যাচ্ছে।সম্প্রতি এ রকমই কিছু অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামকেন্দ্রের মহাব্যবস্থাপক, উপপরিচালক (প্রশাসন), একজন অনুষ্ঠান সহযোগী, একজন এমএলএসএস ও একজন কণ্ঠশিল্পীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জানা যায়, টাকার বিনিময়ে অপেশাদার শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করানো, শিল্পীদের মানোন্নয়ন (গ্রেডেশন), সুর ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্তির অভিযোগের তদন্ত করতে এ বছরের এপ্রিল মাসে বিটিভির অতিরিক্ত পরিচালক (প্রশাসন) রবিউল রেজা সিদ্দিকী তদন্ত করতে চট্টগ্রাম আসেন।তদন্তকারী কর্মকর্তা ও উপমহাপরিচালকের বক্তব্যতদন্তকারী কর্মকর্তা বিটিভির অতিরিক্ত পরিচালক (প্রশাসন) রবিউল রেজা সিদ্দিকী বলেন, ‘আমি এপ্রিলের শেষ দিকে বিটিভি চট্টগ্রামকেন্দ্রের অনিয়ম তদন্তে আসি। সার্বিক পরিস্থিতির আলোকে তদন্ত প্রতিবেদন বিটিভির মহাপরিচালকের কাছে জমা দিয়েছি। যেহেতু এটি একটি গোপনীয় বিষয়, তাই এ সম্পর্কে কিছু জানাতে পারছি না।’বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাপরিচালক (অনুষ্ঠান) ফরিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিটিভি চট্টগ্রামকেন্দ্রের সূচনা থেকেই এখানে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ শুনে আসছি আমরা। এসব ক্ষেত্রে কোথাও কোথাও শিল্পী ও টেলিভিশনের কর্মকর্তা জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। কিন্তু আমাদের পক্ষে সার্বক্ষণিক নজরদারির অভাবে এবং বিটিভির জনবল-সংকটের কারণে সমস্যার সমাধানে বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠে না সবক্ষেত্রে।’ উপমহাপরিচালক আরও জানান, ‘আমাদের নতুন মহাপরিচালক ম. হামিদ সম্প্রতি চট্টগ্রাম টেলিভিশনকেন্দ্র ঘুরে গেছেন। তিনিও এ ধরনের বহু অনিয়মের অভিযোগ শুনেছেন। এসব অনিয়ম নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ জানা যায়, ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফয়’স লেক এলাকায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামকেন্দ্রের উদ্বোধন করেন। ফরাসি সরকারের অর্থায়নে প্রায় ৬৮ কোটি টাকা ব্যয়ে এ কেন্দ্র নির্মাণ করা হয়। প্রায় ১০ একর জায়গার ওপর নির্মিত হয়েছে টেলিভিশন ভবন।অভিযুক্তের পক্ষে বিবৃতিপ্রায় ৯৩ জন সংস্কৃতিকর্মী সিটিভির নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত সুজিত রায়ের পক্ষে বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়, বেশ কিছুদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী একটি চক্র নিজেদের সংগীতশিল্পী পরিচয় দিয়ে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম কণ্ঠসৈনিক জনপ্রিয় সংগীতশিল্পী সুজিত রায়ের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, আপত্তিকর অপপ্রচারে লিপ্ত। বিবৃতিতে মিথ্যা অভিযোগের ভিত্তিতে সুজিত রায়কে অনুষ্ঠান থেকে বিরত রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।তবে বিবৃতিদাতাদের অনেকেই জানিয়েছেন, পরিচিতজনের অনুরোধের কারণে তাঁরা বিবৃতিতে নাম দিয়েছেন। অনেকে বলেছেন, বিবৃতিতে তাঁদের নাম উল্লেখ করা হলেও এ ব্যাপারে কিছুই জানেন না। এ প্রসঙ্গে চট্টগ্রাম বেতারের ও টেলিভিশনের গীতিকার এস এম খুরশীদ বলেন, ‘আমি বিবৃতিতে স্বাক্ষর করিনি, এ বিষয়ে কিছুই জানি না। কেউ আমার সঙ্গে এ ব্যাপারে কথাও বলেনি।’