টাকা নিয়ে বই বিতরণ
‘যারা টাকা দিয়েছে, তারাই বই পেয়েছে। আর টাকা দিতে না পারায় আমার মত গরিব ছেলেমেয়েরা বই পায়নি।’ কথাগুলো বলেছে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী তবারেকা বেগম। একই কথা বলে রুহুল আমিন, শাহিদা বেগমসহ অনেকে।জানা গেছে, গত ৯ জানুয়ারি বিনামূল্যে বই বিতরণ করার সময় দ্বিতীয়-চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিজনের কাছ থেকে ২০ টাকা করে নেওয়া হয়। যারা টাকা দিতে পারেনি তাদের বই দেওয়া হয়নি। সরেজমিনে দেখা গেছে, বই বিতরণের টাকা ফেরত চেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা ১৩ জানুয়ারি বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিভাবক জান্নাতুল ফেরদৌস, ফাতেমা বেগম, কামাল হোসেনসহ অনেকেই জানান, প্রধান শিক্ষিকা সরকারের বিনামূল্যে বই বিতরণের নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেন। আর টাকা ফেরত চাইলে তাঁদের উল্টো ধমক দেন। তবে প্রধান শিক্ষিকা শামীমা আক্তার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিক্ষার্থী বেড়ে যাওয়ায় অতিরিক্ত দুজন শিক্ষক রাখা হয়েছে। তাঁদের বেতনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।’এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ জানান, বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।