টাকা বিক্রি
চলতি পথে আমাকে থামিয়ে আমার জামার হাতা স্পর্শ করল সে। তারপর চোরের মতো এদিক-ওদিক তাকিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করল, ‘কিনবেন নাকি?’‘কী কিনব?’ বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করলাম।‘পাঁচ রুবল...’‘পাঁচ রুবল মানে?’‘এই যে এই নোট’ বলে সে আমার দিকে বাড়িয়ে ধরল পাঁচ রুবলের ঝকঝকে একটি নোট।‘জাল নোট?’ জানতে চাইলাম আমি।‘তা হবে কেন!’ ক্ষুব্ধ হলো সে। ‘একেবারেই আসল...’‘তো পাঁচ রুবলের এই নোটের দাম কত?’ ঘটনার উদ্ভটত্ব পুরোপুরি হূদয়ঙ্গম না করেই প্রশ্ন করলাম তাকে।‘তিন রুবলে দিয়ে দেব।’সন্ত্রস্ত দৃষ্টিতে তাকালাম তার দিকে। একেবারেই গড়পড়তা এক লোক। পরনে কালো ওভারকোট আর হ্যাট। নাকের ওপরে বসে আছে গোল চশমা। চশমার পেছনে গোল গোল চোখ। চোখ দেখে তাকে খুব সরল বলেই মনে হচ্ছে।নিশ্চয়ই আমাকে নিয়ে মজার কোনো খেলা খেলছে সে! একেবারেই গতানুগতিক কোনো খেলা। আচ্ছা, দেখাই যাক না, কী হয় শেষ পর্যন্ত...তাকে তিন রুবল দিয়ে পাঁচ রুবলের নোটটা নিলাম।‘ধন্যবাদ,’ নিচু গলায় বলল সে।‘ওয়েলকাম,’ বললাম তাকে। ‘আর তা ছাড়া ধন্যবাদ দেওয়ার কিছু তো নেই। আরও আছে নাকি পাঁচ রুবলের নোট?’‘নেই,’ বলল সে দীর্ঘশ্বাস ফেলে। ‘পাঁচ রুবলের নোট আর নেই। তবে ১০ রুবলের নোট আছে। সস্তায় দেব।’‘কত করে?’ জানতে চাইলাম।‘সাত রুবল!’ বলেই ভীত চোখে আমার দিকে তাকিয়ে সংশোধন করল নিজের কথা, ‘আচ্ছা, ছয় রুবলে দেব।’‘চলবে,’ বলে মানিব্যাগে হাত ঢোকালাম।পাঁচ আর এক রুবলের দুটি নোট তাকে দিলাম। সে আমার দিকে বাড়িয়ে ধরল ১০ রুবলের নোট।নোটটা হাতে নিয়ে মন দিয়ে পরীক্ষা করতে শুরু করলাম। ১০ রুবলের নোটটা ১০ রুবলের নোটের মতোই। জলছাপ ও বিভিন্ন রেখা—সবই ঠিক আছে। স্পষ্টতই জাল নয়।কিন্তু ঘটনা বুঝতে পারছি না কিছুতেই। লোকটা মাতালও তো নয়।‘আরে, দেখুন না, আমার কাছে এখন পাঁচ রুবলের নোট আছে!’ উল্লসিত শোনাল তার কণ্ঠ। ‘তিন রুবল দিয়ে কিনবেন?’‘অবশ্যই,’ সম্মতি জানিয়ে বললাম তাকে। তারপর এই কমেডির শেষ দেখতে ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করলাম।টাকা বদলাবদলি হলো। আমি তাকে তিন রুবল দিলাম, সে আমাকে পাঁচ।‘তিন রুবলের নোট বেচবে না?’ জানতে চাইলাম।‘কত দাম হলে কিনবেন?’‘তিন রুবলের দাম এক রুবল হলে ঠিক হয়।’‘সানন্দে বিক্রি করব। দুটো নোটই নিন।’আমাকে ছয় রুবল দিয়ে সে নিল দুই রুবল।তার চোখমুখ আনন্দে ঝলমল করতে লাগল।‘জানেন, আমি নোটগুলো বিক্রি করতাম না,’ আমার চোখে চোখ ফেলে বলল সে। ‘বিক্রি করলাম বাধ্য হয়ে। খুব টাকার দরকার!’ঠিক সেই সময় সশব্দে ব্রেক কষে গায়ে রেডক্রস আঁকা একটা সাদা গাড়ি এসে থামল আমাদের পাশে। এক চিকিৎসক আর তার দুই সহযোগী নামল সেই গাড়ি থেকে।তাদের দেখেই হ্যাট পরা লোকটি কেমন মিইয়ে পড়ল। সবিষাদ দীর্ঘশ্বাস ফেলে সে এগিয়ে গেল তাদের দিকে।‘কী ব্যাপার!’ একমুখ হাসি নিয়ে জিজ্ঞেস করল চিকিৎসক। ‘আবার শুরু করেছ?’‘না করে পারছি না, জানেন।’ হ্যাট পরা লোকটি বলল ধরা গলায়, ‘না করে পারছি না।’অনুগতের মতো গিয়ে সে বসল গাড়িতে।‘এই টাকাগুলো নিন।’ আমি চিকিৎসককে বললাম নোটগুলো এগিয়ে ধরে। ‘এগুলো তার।’কেন যে আমি শুরুতেই বুঝতে পারিনি, লোকটা মানসিক বিকারগ্রস্ত!‘সাইকোসিসের চরম পর্যায়,’ চিকিৎসক বলল। ‘ডিপ্রেশন।’‘কেন এমন হলো তাঁর?’‘তিনি লেখক। ঔপন্যাসিক। কিছুদিন আগে নতুন একটি উপন্যাস লিখেছেন। তিন কোপেকের মালও নেই তাতে, অথচ বইয়ের দাম পড়েছে এক রুবল ৮০ কোপেক। তাই বিবেকের অবিরাম দংশনে ভুগতে ভুগতে তাঁর এই অবস্থা। তিনি এই পদ্ধতিতে বই থেকে পাওয়া সম্মানী সস্তায় বিক্রি করে দিচ্ছেন।‘বেচারা!’ দীর্ঘশ্বাস বেরিয়ে এল আমার। আমি হাঁটতে শুরু করলাম।হাঁটছি মাটির দিকে তাকিয়ে। মনটা ভীষণ খারাপ। বারবার মনে পড়ছে সেই লোকের গোল চশমা আর সরল চোখ দুটির কথা। কানে ভাসছে তার কণ্ঠধ্বনি; কিছুটা খসখসে। চোখে ভাসছে তাঁর সলজ্জ হাসি।কেন জানি মনে পড়ল আমার বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউটের কথা, আমার গবেষণার বিষয়বস্তুর কথা, কোয়ার্টার শেষে প্রাপ্ত বোনাসের কথা। বুকের ভেতরে ব্যথা জেগে উঠল হঠাৎ, ঘণ্টা বাজতে শুরু করল মাথার ভেতর।প্রথম পথচারীকে থামালাম আমি। পকেট থেকে পাঁচ রুবলের নোট বের করে নিচু গলায় জিজ্ঞেস করলাম, ‘কিনবেন নাকি?’