
ফেনীর সোনাগাজী পৌরসভার অভ্যন্তরীণ সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এসব সড়কে ছোট-বড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এর মধ্যে ১২টি সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। এসব সড়কে চলাচল করতে গিয়ে এলাকাবাসী সীমাহীন দুুর্ভোগ পোহাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডে ছোট-বড় ৩৫টি সড়ক রয়েছে। এর মধ্যে অধিকাংশ সড়কে সাত-আট বছর ধরে কোনো ধরনের সংস্কারকাজ হয়নি। ফলে প্রতিটি সড়কে অসংখ্য খনাখন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ১২টি সড়কে বর্তমানে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে। সড়কগুলো হলো ডা. আবদুল হালিম সড়ক, ইসমাইল মুহুরী সড়ক, চরগণেশ সড়ক, বক্সআলী ভূঞাবাড়ি সড়ক, তুলাতলী মাঝিরদোকান সড়ক, সোনাগাজী হাসপাতাল-তুলাতলী সড়ক, তুলাতলী পোস্টমাস্টারবাড়ি সড়ক, মহিলা মাদ্রাসা-বাখরিয়া সড়ক, আল-হেলাল একাডেমি সড়ক, আ ক ম ইসহাক সড়ক, হালিমিয়া মাদ্রাসা সড়ক ও চরগণেশ মুক্তিযোদ্ধা সড়ক।
পৌর এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাহিদুল আমিন ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন, পৌর শহরের একটি সড়কও যানবাহন চলাচলের উপযোগী নেই। প্রতিটি সড়ক খনাখন্দে ভরা। বর্তমানে সড়কগুলোর অবস্থা এতই খারাপ যে পায়ে হাঁটাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
সোনাগাজী সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী উম্মে ছালমা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এলাকার সড়কগুলো ভেঙে উঁচু-নিচু হয়ে পড়ায় এবং ইট-সুরকি ছড়িয়ে-ছিটিয়ে থাকায় হাঁটতে গিয়ে প্রায় সময় হোঁচট খেয়ে পায়ে ব্যথা পাই। রিকশায় চলাচলও ঝুঁকিপূর্ণ। অথচ পৌর কর্তৃপক্ষ নির্বিকার।’
সোনাগাজী বাজারের ব্যবসায়ী গোলাম মাওলা জানান, অবস্থা খারাপ হওয়ায় এসব সড়কে সহজে রিকশা পর্যন্ত চলাচল করতে চায় না। অনেক অনুরোধের পর দু-তিন গুণ ভাড়ায় যেতে রাজি হলেও অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়।
শহরের রিকশাচালক জয়নাল আবেদীন বলেন, যাত্রী নিয়ে এসব সড়কে চলাচল করতে গিয়ে প্রায় সময় যন্ত্রপাতি নষ্ট হয়। এতে আয়ের বেশির ভাগ মেরামতের কাজেই খরচ হয়ে যায়। তাই ভাড়া কিছুটা বেশি নিতে হয়।
পৌরসভার সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানান, খানাখন্দে ভরা সড়কগুলোর তালিকা তৈরি করে একাধিকবার মেয়রকে দেওয়া হয়েছে। অর্থ পাওয়া সাপেক্ষে এসব সড়ক পর্যায়ক্রমে মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হবে।
পৌরসভার মেয়র জামাল উদ্দিন বলেন, ‘পৌরসভার নিজস্ব তহবিল দিয়ে ১২টি সড়কের মেরামতকাজ সম্পন্ন করা সম্ভব নয়। তাই এ ব্যাপারে আমরা বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) এর সহায়তা চেয়েছি। আশা করি, অল্প সময়ের মধ্যে তাদের কাছ থেকে অর্থছাড় পাব এবং সড়কগুলো সংস্কার করতে পারব।’