টাকার ছড়াছড়ি আর উন্নয়নের ফুলঝুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলা পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কালোটাকার ছড়াছড়ি চলছে। পাশাপাশি প্রার্থীদের উন্নয়নের ফুলঝুরিতে বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা। আগামী ২ জুলাই রাজাপালং, হলদিয়াপালং, রত্নাপালং, পালংখালী ও জালিয়াপালং ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ৬৯ জন ও সাধারণ সদস্যপদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচ ইউনিয়নের ভোটারসংখ্যা ৯৯ হাজার ৮১৯।উখিয়া সদরের ভোটার গিয়াস উদ্দিন (৩৪) বলেন, ‘নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণায় মুখর পুরো উপজেলা। প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে গণসংযোগের পাশাপাশি ভোট কেনার কাজটিও সেরে ফেলছেন। এই উপজেলার কয়েকটি ইউনিয়নে কোটি টাকা বাজেট নিয়ে মাঠে নেমেছেন এমন চেয়ারম্যান পদপ্রার্থীর সংখ্যা অন্তত চারজন। ভোটাররা সাক্ষাৎ করতে গেলেই এই প্রার্থীরা কড়কড়ে ৫০০ টাকার নোট ধরিয়ে দিচ্ছেন।’ রাজাপালং ইউনিয়নের ভোটার সিরাজুল ইসলাম (৫৪) জানান, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট, হাসপাতাল প্রতিষ্ঠা, সুদমুক্ত কৃষিঋণ সুবিধা নিশ্চিতকরণ, মডেল ইউনিয়নসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরছেন প্রার্থীরা। আশ্বাসের ফুলঝুরি শুনলে মনে হয়, জনপ্রতিনিধি নির্বাচিত যে-ই হোক, এলাকার চেহারা পাল্টে যাবে। কিন্তু টাকা দিয়ে ভোট কেনার অবস্থা দেখলে মনে হয়, কিছুই হবে না। রাজাপালং ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুল হক অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর কবির চৌধুরী ও শাহ কামাল চৌধুরী বিপুল অঙ্কের টাকা নিয়ে মাঠে নেমেছেন। তাঁরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছেন। অভিযোগ অস্বীকার করে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহ কামাল চৌধুরী জানান, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরীর পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে সরকারদলীয় সাংসদ আবদুর রহমান ওরফে বদি মাঠে নেমে গণসংযোগ করছেন। উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি শ্যালকের জন্য ভোট চাইছেন। ভোটারদের প্রভাবিত করতে কালোটাকার ছড়াছড়ি চলছে। সাংসদ আবদুর রহমান বদি অভিযোগ অস্বীকার করে জানান, আচরণবিধি লঙ্ঘিত হয় এমন কোনো কিছু তিনি করেননি। দলীয় ও উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য এক দিন মাত্র তিনি উখিয়ায় যান। রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল কবির চৌধুরী জানান, তাঁর নিশ্চিত বিজয় দেখে আওয়ামী লীগ-সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সন্ত্রাসীদের হামলা, মামলা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাশাপাশি চলছে কালোটাকার ছড়াছড়ি। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নুরুল হুদা জানান, কালোটাকার ছড়াছড়ি এবং ভোট কেনা বন্ধ না হলে হিসাবে ওলট-পালট হয়ে যেতে পারে। পালংখালীর বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী গফুর উদ্দিন চৌধুরী জানান, প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থী ভোটারদের মধ্যে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি ও ছাতা বিতরণ করছেন। অপর প্রার্থী শাহাদাত হোসেন বলেন, ‘চিহ্নিত এক প্রার্থী ইতিমধ্যে কোটি টাকা খরচ করে ফেলেছেন। খরচ করার মতো এতো টাকা ওই প্রার্থী কোথায় পান, ভোটাররা তার হিসাব মেলাতে পারছেন না।’ হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল হক ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণ করছেন। নাপিতপাড়ায় সংখ্যালঘু ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। আমিনুল হক এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি উল্টো চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও টাকা দিয়ে ভোট কেনার কথা বলেন। নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ বিন ইকরাম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবে। আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীদের নির্বাচনী তৎপরতার খবর নেওয়া হচ্ছে। তবে আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।