টাচস্ক্রিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই বয়স ষোলোর বেশি হবে না, মোবাইলটা পেয়ে মেয়েটা আরও বেশি ছেলেমানুষ হয়ে গেল। শ্যামলা মুখটা হঠাৎই ঝকমক করে উঠল। আর আমি সাময়িক মুগ্ধ হলাম। বাহ।
এইটা, এইটা...কই পাইলেন?
কিনেছি। তুমি আবার অন্য কিছু মনে কোরো না। আসলে চাকরিসূত্রে বাইরে থাকি তো। বাড়িতে যোগাযোগের জন্য আরকি এটা কেনা। প্রথমে বুঝিনি এটা চোরাই। ওই ব্যাকআপ ফাইলগুলো না দেখলে হয়তো বুঝতেও পারতাম না এটা চোরাই।
ক্যামনে বুঝলেন এটা আমার ফোন? বাড়ির ঠিকানা পাইলেন কই?
মেয়েটা মনোযোগ দিয়ে ফোনটা দেখতে দেখতে জিজ্ঞাসা করল।
তোমার ছবি ছিল। তোমাদের বাসার ছবিটা ছিল।
ও আচ্ছা।
মুখের ওপরের চুলগুলো সরিয়ে এবার মেয়েটা আমার দিকে মনোযোগ দিল। আমাকে দেখে নিশ্চয় চোর মনে হয় না। আমি অস্বস্তি বোধ করছিলাম।
দেখ, আসলে চোরাই জানলে কি ওটা কিনতাম বলো? আমি অপ্রয়োজনীয় একটা সাফা দেওয়ার চেষ্টা করলাম।
আমি কি বলছি সেইটা? আজুরা প্যাঁচাল পারেন ক্যান?
তারপর একটু গম্ভীর হয়ে মেয়েটা বলল,
আব্বা দুবাই থেকে এইটা পাঠাইছিল। আমাদের অবস্থা ভালো না দেখতেই পারতিছেন।
আসলেই তাই। নোনাধরা সিলিং আর বুকশেলফের ছেঁড়া ডিকশনারিটা তাই বলে। এগুলোর সঙ্গে ওই কালো রঙের টাচস্ক্রিনটা বেমানান।
এইটা চুরি যাওয়ার পর আব্বার সঙ্গে যোগাযোগ বন্দই হয়ে যায়। মোবাইলটা চুরি যেয়ে বিশাল বিপদে পরিছিলাম। বাঁচাইলেন।
ভাগ্যিস, ওতে তোমার আর তোমার বাসার ছবি ছিল ।
মেয়েটা কী যেন বলতে যাচ্ছিল, হঠাৎ ভেতর থেকে এক মহিলার কণ্ঠস্বর, কিডা রে জেসমিন।
কেউ না। আপনে ঘুমান।
এভাবেই জেসমিনের সঙ্গে আমার প্রথম এবং একই সঙ্গে শেষ দেখা।