টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমার আর বাড়িতে আসার দরকার নাই, বাড়িতে আর আসতে হবে না। ঢাকাতেই থাকো।’ অভিমানী সুর আর চাপা ক্ষোভের এই বহিঃপ্রকাশ প্রথমে বুঝতেই পারিনি। যখন বুঝতে পারলাম, ততক্ষণে মায়ের কোলে আমি। যদিও এ বয়সে কোনো বন্ধুবান্ধবীকেই বিশ্বাস করাতে পারি না যে আমি এখনো মায়ের হাতে ভাত খাই। মাঝেমধ্যে মা কোলেও তুলতে চান। লজ্জায় আর ওঠা হয় না আমার। এমন অনেক দিন গেছে, বন্ধুদের আড্ডায় সকাল শেষে দুপুর হয়ে গেছে, খাওয়া বা স্নান করা হয়নি। বাড়ির অন্যরা খেয়ে নিলেও মা আমার অধীর অপেক্ষায় প্রহর গুনছেন। পরীক্ষায় ভালো ফল হয়নি, বাবা জাতির উদ্দেশে রাষ্ট্রীয় ভাষণ দিচ্ছেন। মা বাড়িতে ঢোকার আগেই সতর্কবাণী দিলেন, ‘সামনে যাইয়েন না, দিব আজকে!’ তারপর গোপনে ভাত খাইয়ে দিয়ে তবেই শান্তি তাঁর, এর আগে নয়। বাড়ি থেকে ঢাকা ফেরার সময় মা তখন আলমারির কোনায় রাখা কৌটা থেকে ২০টি টাকা হাতে তুলে দেন। বলেন, ‘খিদে লাগলে কিছু খাইছ, বাইরে ঘোরাঘুরি করিস না বেশি। পড়াশোনা করিস ঠিকমতো।’ ক্লাস, পড়াশোনা আর নাগরিক কোলাহলে ব্যস্ততা বাড়ে। সময় হয় না সময় করে মাকে জানানোর, মা, আমি ভালো আছি। মা-ই ফোন করেন। কেমন আছি জানতে চান। ক্লাস হলো কি না, সময়মতো খেয়েছি কি না ইত্যাদি। সামান্য জ্বর হলেই মা ব্যস্ত-তটস্থ হয়ে পড়েন। সেবা-শুশ্রূষায় দ্রুত সুস্থ করে তোলেন আমাদের। অথচ হয়তো তাঁর নিজের গায়ে অনেক জ্বর। জ্বর কিংবা প্রচণ্ড মাথাব্যথায়ও মা স্বাভাবিক। আর পাঁচ-সাতটা দিনের মতোই সংসার নামের নৌকোটার বৈঠা হাতে দক্ষ মাঝি তিনি। বৈরী আবহাওয়াতেও এগিয়ে চলেন যথারীতি। এক সপ্তাহ বাড়িতে না গেলেই মায়ের ফোন। কবে বাড়ি আসবি? কত দিন দেখি না...। সময় করে বাড়িতে যাই। যাওয়ার সময় বাবার জন্য এক প্যাকেট টোস্ট বিস্কুট অথবা চানাচুর নিয়ে যাই। মায়ের জন্য আমি। শুধু আমাদের কাছে পেলেই রাজ্য জয়ের খুশিতে আপ্লুত থাকেন মা। সঞ্জয় দেবদ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা