টানটান ত্বক
কপালে কয়েকটি সরু ভাঁজ। চোখের কোণে বলিরেখা। আয়নার সামনে হঠাৎ করেই দেখতে পেলেন এসব। বয়সের ছাপ তাহলে চেহারায় পড়তে শুরু করেছে! মুহূর্তেই মনটা বিষাদে ভরে গেল। তবে এ অবস্থায় বিষাদগ্রস্ত হওয়ার কিছু নেই। তাতে করে ত্বকের আরও ক্ষতি হবে। মন যত প্রফুল্ল থাকবে, তত দেরিতে বয়সের ছাপ পড়বে। হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, একটা সময়ের পর সবারই কমবেশি ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে। কিন্তু নানা কারণে অনেকের ২৫ বছর বয়সের পরপরই বলিরেখা দেখা যায়। এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। নিয়মিত যত্নের মাধ্যমে এগুলো দূর করা সম্ভব। সাধারণত অতিরিক্ত মানসিক চাপ, সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে সরাসরি প্রবেশ, অতিরিক্ত রাগ ও ঘুমের সমস্যা হলে মধ্য বয়সের আগেই বলিরেখা ও ভাঁজ পড়ে থাকে। এ জন্য প্রতিদিনের অভ্যাস, এমনকি খাদ্যাভাসেও পরিবর্তন আনতে হবে। সমস্যাকে মোকাবিলা করা শিখতে হবে। সব সময় হাসিখুশি থাকতে হবে। তাহলে মন ভালো থাকবে। ত্বকেও তার প্রভাব পড়বে। পাশাপাশি অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে। শাকসবজি, ফলমূল, বিশেষ করে গাজর, মিষ্টি কুমড়া, টমেটো ও ভিটামিন ‘সি’যুক্ত সব খাবার খেতে হবে। তাহলে ত্বক প্রয়োজনীয় পুষ্টি পাবে। এ ছাড়া নানা কারণে দ্রুত রেগে যাই আমরা। সেটাকে নিয়ন্ত্রণ করলে ত্বকে ভাঁজ পড়বে না। আপনিও বয়সের ছাপ পড়া থেকে মুক্তি পেলেন। নিয়মিত ব্যায়াম, প্রাণায়াম ও যোগাসন মানুষের মন এবং শরীরকে তরুণ রাখে। ঘরে বসে সঠিক পদ্ধতিতে বজ্রাসন, ধনু আসন করতে পারেন। এতে করে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে। রক্ত সঞ্চালন সঠিকভাবে হবে। রোদ থেকে ত্বক বাঁচাতে হবে। বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে। রাহিমা সুলতানার মতে, চোখে বলিরেখা ও কালো দাগ বেশির ভাগ সময় রোদের কারণে হয়। অতিরিক্ত শুষ্ক ত্বকে দ্রুত বলিরেখা পড়ে। সে কারণে তৈলাক্ত, শুষ্ক বা মিশ্র—সব ধরনের ত্বকেই ভালোভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার তৈলাক্ত ত্বকের উপযোগী। এই ত্বকে ব্রণের প্রকটতা থাকলেও একটু দেরিতে বয়সের ছাপ পড়ে থাকে। আর যদি নিয়মিত যত্ন নেওয়া যায়, তাহলে তো কথাই নেই। বয়স আপনার কাছে হার মানতে বাধ্য। কয়েকটি প্যাক যবের গুঁড়া ও ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে মুখে, গলায়, হাতে-পায়ে লাগিয়ে শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন।পাকা পেঁপে বলিরেখা ও ভাঁজ দূর করতে সবচেয়ে বেশি কার্যকর। শুধু পাকা পেঁপের পেস্টও ত্বকে ব্যবহার করতে পারেন। চাইলে এর সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।শুষ্ক ত্বকে দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তবে যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরা এর সঙ্গে লেবুর রস মিশিয়ে নেবেন। সপ্তাহে দু-তিন দিন এসব ঘরে তৈরি প্যাক ব্যবহার করলে বলিরেখা কমে যাবে। প্রতিদিন ব্যবহারের জন্য মসুর ডালের বেসন, মধু ও সামান্য তিলের তেলের মিশ্রণ বেশ উপযোগী। রোদে পোড়া ভাবও দূর হবে।মধু, কাঁচা হলুদ, দুধ ও তিলের তেল চুলায় অল্প আঁচে নাড়তে থাকুন। আঠালো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে ফিরে প্রতিদিন এই প্যাক ব্যবহার করতে পারেন।এ ছাড়া ভালো মানের অ্যান্টি-রিঙ্কল বা ত্বকে ইলাস্টিন, কোলাজেন ঠিক রাখে এ ধরনের নাইট ক্রিম ব্যবহার করা যেতে পারে।