টানা অবরোধে ক্ষতি ২০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের টানা ৩০ দিনের অবরোধ ও হরতাল কর্মসূচির কারণে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি ২০ কোটি টাকা ছাড়িয়েছে। ক্রেতার অভাবে বেচাকেনা শূন্যের কোটায় নেমে আসায় এই এলাকার আড়াই হাজারেরও বেশি ছোট-বড় দোকানের মালিক-কর্মচারী চরম দুর্দশায় পড়েছেন।
গত মঙ্গলবার দুপুর ১২টায় সাতকানিয়ার কেরানীহাটে গিয়ে দেখা গেছে, কেরানীহাট নিউ মার্কেট, হক টাওয়ার ও সানমুন সিটি বিপণিকেন্দ্রে হাতে গোনা কয়েকটি দোকান খোলা আছে। তবে যে কয়টি দোকান খোলা আছে, সেগুলোতেও কোনো ক্রেতা দেখা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, সাতকানিয়া উপজেলার ব্যবসাকেন্দ্র কেরানীহাট, সাতকানিয়া সদর, মির্জাখীল বাংলা বাজার ও জোট পুকুরিয়া-ফুলতলা এলাকায় প্রায় দুই হাজার ৬৫০টি ছোট-বড় দোকান আছে। এসব দোকানের কর্মচারীরা জানান, গত নভেম্বর ও ডিসেম্বর মাসের অবরোধ-হরতাল কর্মসূচির কারণে কোনো ব্যবসা হয়নি। এ কারণে এই এলাকার ব্যবসায়ীরা অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন।
কেরানীহাটের ক্ষুদ্র ব্যবসায়ী মুহাম্মদ সোলেমান (৫০) বলেন, ‘অবরোধ-হরতাল প্রতিদিন আমাদের পেটে লাথি মারছে। পরিবার নিয়ে কোনো রকমে ধার-দেনা করে দিন পার করছি।’ সাতকানিয়া সদরের ক্ষুদ্র ব্যবসায়ী হায়দার আলী (৫৫) বলেন, ‘আগের অবরোধ হরতালের চেয়ে এখনকার অবরোধ-হরতাল সহিংসতাপূর্ণ। তাই এখন অবরোধ-হরতালের কথা শুনলে মানুষ জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হন না। তাই আমাদের বেচাকেনা এখন শূন্যের কোটায়।’ কেরানীহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহর মুল্লুক (৩৭) বলেন, ‘আমাদের মার্কেটে ৫০০-এর কাছাকাছি দোকান আছে। গত এক মাসের অবরোধ-হরতালের কারণে দোকানদারেরা দোকানের ভাড়া তোলার মতো ব্যবসা করতে পারেননি।’ তিনি আরও বলেন, যেসব দোকানদার গড়ে প্রতিদিন ৩০-৩৫ হাজার টাকা বিক্রি করেন, তাঁরা এখন গড়ে এক হাজার টাকার জিনিসও বিক্রি করতে পারছেন না। কাপড় ব্যবসায়ী আবদুল করিম (৪৩) বলেন, ‘সাতকানিয়া সদরে অবরোধ-হরতালের কর্মসূচি দেখা না গেলেও দূরদূরান্ত থেকে ক্রেতা আসতে পারছেন না। ফলে আমাদের ব্যবসা হচ্ছে না। লোকসানের পরিমাণ কমিয়ে আনার জন্য দুইজন কর্মচারী ছাঁটাই করেছি।’
কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সিরাজুল ইসলাম (৭০) বলেন, ‘গত ৩০ দিনের অবরোধ-হরতালে কোনো ব্যবসা হয়নি। ব্যবসায়ীরা দোকান খুললেও ক্রেতা না থাকায় বেচাকেনা হয়নি। তাছাড়া কখন কে এসে দোকান ভেঙে দেয়, এমন আতঙ্কেও তাঁদের দিন কাটছে।’