টানা জয়ের স্বপ্ন পূরণ হলো না তাঁদের!

সিটি করপোরেশনের টানা চারটি নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভ করেছেন তাঁরা দুজন। পঞ্চমবারের মতো নির্বাচিত হতে এবারও লড়াইয়ে নেমেছিলেন। মঙ্গলবার শেষ রাতের ফলাফল ঘোষণার পর হতাশা নেমে এসেছে দুই প্রার্থী ও তাঁদের কর্মী–সমর্থকদের মধ্যে।
নির্বাচনী মাঠে হেরে যাওয়া এই দুই হেভিওয়েট প্রার্থী হলেন ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের আবদুল মালেক ও ৩৪ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের জহিরুল আলম দোভাষ। ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে হেরে যান তাঁরা। তাঁদের মতো সংরক্ষিত ওয়ার্ডের তিন শক্তিশালী প্রার্থীও এবার নির্বাচনে পরাজিত হয়েছেন। এ ছাড়া নতুন প্রার্থীর কাছে হেরে গেছেন সিটি করপোরেশনের বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেনও। প্রার্থীরা পরাজয়ের জন্য কেন্দ্র দখল ও জাল ভোটকে দায়ী করছেন। নির্বাচন কমিশনকে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ার কথা বলছেন তাঁরা।
এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মালেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘আমার জীবনে এ ধরনের নির্বাচন আর দেখিনি। সকাল ১০টার পর সব কেন্দ্র দখল করে প্রতিপক্ষের লোকজন জাল ভোট দেওয়া শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন নীরব ভূমিকা পালন করেন। বিশ্বকাপে ভারতের সঙ্গে বাংলাদেশের জয় যেমন ছিনিয়ে নেওয়া হয়েছে, তেমনি আমার নিশ্চিত জয় ছিনতাই করা হয়েছে।’
নির্বাচনের ফলাফলে হারলেও জনগণের ভোটে জয়ী হয়েছেন দাবি করে আবদুল মালেক বলেন, ‘জনগণ কান্না করতে করতে বাসায় আসছেন। আমি মানুষের জন্য কাজ করে যাব। তাঁদের জন্য আমার দুয়ার খোলা।’
ফিরিঙ্গীবাজারের ঐতিহ্যবাহী দোভাষ পরিবারের সন্তান জহিরুল আলম দোভাষ একসময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। নগর ছাত্রলীগের সাবেক নেতা হাসান মুরাদের কাছে সামান্য ব্যবধানে পরাজিত হন তিনি।
এলাকায় ভদ্র ও বিনয়ী হিসেবে পরিচিত এবং আওয়ামী লীগের নগর কমিটির সহসভাপতি জহিরুল আলম পরাজয়ের প্রতিক্রিয়া প্রকাশেও তা ধরে রেখেছেন। প্রথম আলোকে বলেন, ‘পরাজয়ের কারণ ঠিক জানি না। তবে জনগণ যে রায় দিয়েছেন তা মেনে নিয়েছি। জনগণের রায় মেনে নিতে হবে।’
এবারের নির্বাচনে টানা বিজয় ধরে রাখতে পারেননি ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌস বেগম, ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের রেখা আলম চৌধুরী ও ৯ নম্বর ওয়ার্ডের রেহেনা বেগম। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এই তিন প্রার্থী যাঁদের কাছে পরাজিত হয়েছেন, তাঁরাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
তবে কেন্দ্র দখল ও জাল ভোট না হলে অন্তত ১০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হতেন বলে দাবি করেন রেখা আলম চৌধুরী। তিনি বলেন, ‘কেন হেরেছি তা আপনারা সবাই জানেন। বেলা সাড়ে ১১টার পর সব কেন্দ্র দখল করে ফেলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। তাঁরা জাল ভোট দিয়ে ব্যালট বক্স ভর্তি করেছেন। পুলিশ নীরবে দাঁড়িয়ে সব দেখেছে। বলার পরও কোনো ব্যবস্থা নেয়নি।’ এসব ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
নির্বাচনে প্রার্থীদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন ঘটনাগুলোর ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনো কেন্দ্রের ফলাফল স্থগিত করতে হয়নি।’