টানা বর্ষণ: পণ্য খালাস হয়নি বন্দরে
শ্রমিক আন্দোলন নয়, বন্দরে পণ্য খালাসের কাজ বন্ধ থাকার পেছনে এখন বৃষ্টিই প্রধান কারণ। এ সপ্তাহে জাহাজে খোলা ও বস্তাবন্দী আমদানি হওয়া পণ্য খালাস করা যায়নি বৃষ্টির কারণে। ফলে রোজার প্রধান পণ্য চিনি, মটরডাল ও গম নিয়ে এখন সাগরে ভাসছে বড় বড় জাহাজ। তবে এতে বাজারে পণ্যের কোনো ঘাটতি হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।বন্দর সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সাগর প্রচণ্ড উত্তাল থাকায় এ সপ্তাহে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত ১৫-২০টি জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। এসব বড় জাহাজ জেটিতে ভিড়তে পারে না। তাই বহির্নোঙরে রাখা ছোট জাহাজে বোঝাই করে ভোগ্যপণ্যসহ শিল্পের কাঁচামাল কর্ণফুলী নদীসহ দেশের ১৬টি বেসরকারি নৌঘাটে সরবরাহ করা হয়। জাহাজ কোম্পানির কর্মকর্তারা জানান, বড় জাহাজ থেকে পণ্য খালাস করতে হলে জাহাজের খোল (হ্যাচ) খুলে ক্রেনের সাহায্যে ছোট জাহাজে পণ্য বোঝাই করতে হয়। কিন্তু বৃষ্টির সময় এভাবে পণ্য খালাস করা হলে জাহাজের খোলে পানি ঢুকে পণ্য নষ্ট হয়ে যায়। এ কারণে পণ্য খালাস বন্ধ থাকে। বিশেষ করে সামান্য বৃষ্টিতেই চিনি, সার ও লবণের মতো পণ্য পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও পণ্য খালাস করতে চান না সংশ্লিষ্ট ব্যক্তিরা। বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সব সময় বৃষ্টি হলে খোলা ও বস্তাবন্দী পণ্য খালাস হয় না। এ ক্ষেত্রে বিকল্পও কিছু নেই। তবে কনটেইনারবাহী জাহাজে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকে। বন্দর সূত্রে জানা গেছে, এবার এক সপ্তাহে টানা বর্ষণের কারণে পণ্য খালাস কার্যক্রম সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে। সূত্র মতে, গত মঙ্গলবার বন্দরে পণ্যবাহী জাহাজ ছিল ৪৬টি। এর মধ্যে কাজ হয়েছে ১৪টি জাহাজে। ৩২টি জাহাজে কাজ হয়নি। ওই দিন চিনিবাহী দুটি, খাদশস্য গম ও ডালবাহী ছয়টি, সারবাহী তিনটি ও সিমেন্ট ক্লিংকারবাহী ১১টি জাহাজে কাজ হয়নি। এ ছাড়া জেটিতে ভিড়তে না পারায় বহির্নোঙরে অবস্থানরত পাঁচটি জাহাজেও কাজ হয়নি বলে জানা গেছে। বন্দর কর্মকর্তারা প্রথম আলোকে জানান, একসময় বন্দরে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকার পেছনে সিংহভাগ কারণ ছিল শ্রমিক আন্দোলন। এখন বন্দরের পণ্য খালাসের কাজ বন্ধ করে দিচ্ছে বৃষ্টি। বৃষ্টি যেন বন্দরের জন্য এখন বড় অভিশাপ।বহির্নোঙরে পণ্য খালাসের জন্য ছোট আকারের জাহাজ অর্থাৎ লাইটার জাহাজ বরাদ্দ দেয় ওয়াটার ট্রান্সপোর্ট সেল। এই সংস্থার নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, একদিকে সাগর উত্তাল, অন্যদিকে বৃষ্টি—এই দুটি কারণে আমদানিকারকের প্রতিনিধিরা কোনো জাহাজ বরাদ্দ নিচ্ছেন না। এ কারণে লাইটার জাহাজগুলো অলস বসে আছে।