টানা বৃষ্টি, কষ্ট বাড়ল নগরবাসীর

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা। নগরের জাকির হোসেন সড়কের মহিলা কলেজের মোড়ে পানিতে ভরা গর্তে আটকে আছে একটি ব্যক্তিগত গাড়ির সামনের অংশ। পেছনে অন্য যানবাহনের সারি। গাড়িচালক আরও কয়েকজনকে নিয়ে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় তোলেন গাড়িটি। ততক্ষণে ঝুম বৃষ্টিতে িভজে একাকার সবাই। আরও আধা ঘণ্টা ওই স্থানে অবস্থান করে দেখা গেছে সেই একই গর্তে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি রিকশা পড়ে আটকে যায়। এমনিতেই খানাখন্দে ভরা জাকির হোসেন সড়কে পথ চলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। বৃষ্টিতে কষ্ট আরও বেড়েছে।
এদিকে বেলা ১২টার দিকে বহদ্দারহাটের খাজা সড়কে গিয়ে দেখা যায়, সড়কে হাঁটুপানি। গাড়ি চলাচল অনেকটাই বন্ধ। মাঝে-মধ্যে রিকশা চলাচল করছে। পানি ঢুকে পড়েছে আশপাশের দোকান ও বাসাবাড়িতে।
তিন দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত নগরের জনজীবন। নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বেহাল হয়ে পড়েছে রাস্তাঘাট।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকাল নয়টা পর্যন্ত নগরে ৯৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। আজ বৃহস্পতিবারও হালকা মাত্রার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কর্তব্যরত আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান।
গত সোমবার সন্ধ্যা থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত শুরু হয়। মঙ্গলবার সারা দিন কখনো মুষলধারে কখনো হালকা মাত্রার বৃষ্টিপাত অব্যাহত ছিল। বৃষ্টিতে নগরের নিচু এলাকা বিশেষ করে বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, আগ্রাবাদ এক্সেস সড়ক, প্রবর্তক মোড়, শুলকবহর, সিডিএ আবাসিক এলাকায় পানি জমে যায়। বুধবার সারা দিন বৃষ্টি অব্যাহত ছিল। মঙ্গল ও বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রামে সূর্যের দেখা মেলেনি।
বৃষ্টির কারণে যানবাহন সংকট দেখা দেয়। কমে যায় গণপরিবহন, অটোরিকশা ও রিকশা। ফলে মানুষ দুর্ভোগের মধ্যে পড়ে। ভাড়া বেড়ে দ্বিগুণ হয়ে যায়। নগরের কাজীর দেউড়ি থেকে বুধবার সকালে ৯০ টাকা রিকশা ভাড়া দিয়ে আগ্রাবাদের অফিসে যান শিহাব উদ্দিন।
বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা বলেন, ‘প্রতিদিন অটোরিকশা করে অফিসে যাই। কিন্তু বৃষ্টির কারণে অটোরিকশা না পেয় দ্বিগুণ ভাড়ায় রিকশা নিয়েছি।’

মঙ্গলবার রাতের বৃষ্টিতে নগরের শুলকবহরসহ বিভিন্ন এলাকায়ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। একইভাবে বুধবার ভোররাতের বৃষ্টিতেও ডুবে যায় আগ্রাবাদ এক্সেস সড়ক। সকাল নয়টায়ও ওই সড়কে পানি ছিল।
এক্সেস সড়কের স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, পানিতে তলিয়ে গেছে সড়ক। বাস না পেয়ে আমি বড়পোল এলাকা থেকে একটি অটোরিকশা নিয়ে আগ্রাবাদ আসি। এর জন্য আমার কাছ থেকে নেওয়া হয় ৮০ টাকা। ওই দূরত্বের ভাড়া ৫০ টাকা মাত্র।
এদিকে বৃষ্টির কারণে নগরের প্রায় সবগুলো সড়ক ও উপগলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে জুলাই মাসের শেষ সপ্তাহের টানা বৃষ্টিতে রাস্তাগুলো প্রথমবার ক্ষতিগ্রস্ত হয়। এখন নতুন করে টানা বৃষ্টিতে ওই সড়কগুলোর অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের জাকির হোসেন সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। বহদ্দারহাট থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত সড়কটিও গর্তে ভরে গেছে। এ ছাড়া সিডিএ অ্যাভিনিউ, মেহেদীবাগ, নন্দনকানন ও বহাদ্দারহাট খাজা সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে।
খাজা সড়কের মুনিরবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ রশিদ বলেন, ‘বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে পড়ছে। তখন রান্নাবান্নাও বন্ধ থাকে।’
ছোট-বড় গর্তের কারণে বিকল হচ্ছে অটোরিকশা থেকে শুরু করে বিভিন্ন যানবাহন। অটোরিকশা চালক মো. সজল জানান, চারদিকে রাস্তাঘাট ভাঙা। গাড়ি নিয়ে বের হলেই গর্তে পড়ে কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। চাকাও ফুটো হচ্ছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জুলাই মাসের শেষ সপ্তাহের বৃষ্টির ১৬৩ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৪০ কিলোমিটার মেরামত করা গেলেও বৃষ্টির কারণে আর কাজ করা যাচ্ছে না।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা জানান, এখনো ১২০ কিলোমিটারের মতো সড়ক ক্ষতিগ্রস্ত রয়েছে। বৃষ্টির জন্য কাজ করা সম্ভব হচ্ছে। বৃষ্টি না থাকলে আগামী ১৫-২০ দিনের মধ্যে এগুলো মেরামত করা যাবে।