টানা বৃষ্টিতে চকরিয়ায় উন্নয়নকাজের ক্ষতি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ। একাধিক ইউনিয়নের গ্রামীণ সড়কের ওপর দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজ চলছিল।
সরেজমিনে দেখা গেছে, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর থেকে ফাইতং সেতু পর্যন্ত সড়কটির পাকাকরণ কাজের সবটুকুই পানিতে ভেসে গেছে।
২১ লাখ টাকা ব্যয়ে সড়কটির কাজ চলছে। একই ইউনিয়নে ২৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সৌহার্দ্য সমিতির সড়কের মাথা থেকে ইয়াংছার কুম পর্যন্ত ইট বিছানোর কাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সড়কের পাঁচটি স্থানে পাহাড়ি ঢলে ভেঙে গেছে। এ ছাড়া কৈয়ারবিল, বরইতলী, ফাঁসিয়াখালী, খুটাখালী, বিএম চর ও কোনাখালী ইউনিয়নের বাস্তবায়নাধীন অনেক সড়ক টানা বৃষ্টিতে তলিয়ে গেছে।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, টানা বৃষ্টিতে তলিয়ে গিয়ে দুটি সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই কাজের ঠিকাদারেরা বিপাকে পড়েছেন।
চকরিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. আহসান উল্লাহ বলেন, ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়বেষ্টিত ইউনিয়নগুলোতে গ্রামীণ সড়ক অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধিরা লিখিতভাবে কিছুই জানাননি।
স্থানীয় ও প্রকৌশল সরকার অধিদপ্তরের চকরিয়া উপজেলা প্রকৌশলী মো. আমিন উল্লাহ বলেন, উপজেলার বেশির ভাগ সড়কের উন্নয়নকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শুধু পাঁচ-ছয়টি সড়কের কাজ চলছে। টানা বৃষ্টিতে কী পরিমাণ বাস্তবায়নাধীন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তা জরিপ করা হচ্ছে।