টানা বৃষ্টিতে ডুবে গেছে নিম্নাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে রাউজান উপজেলা সদরের রাস্তাঘাট ও ফসলি জমি। আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে আমনের বীজতলা ও সবজি খেত। উপজেলার কোনো কোনো এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে কোমর পানিতে।গত রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের জলিলনগর ও দায়েরঘাটা অংশ পানিতে নিমজ্জিত হয়েছে। তবে সড়কে এখনো গাড়ি চলছে। উপজেলা সদরের ফকিরহাট বাজার হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় বেচাকেনা তেমন হয়নি।পৌরসভার কাউন্সিলর শাহাজাদা আসাদ উল্লাহ জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে।এদিকে বন্যার পানিতে ক্ষতি হয়েছে ফসলি জমির। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিত কুমার সুশীল জানান, পাহাড়ি ঢলে তিন হেক্টর আমনের বীজতলা ও ৫০ হেক্টর সবজি খেত ভেসে গেছে।বন্যায় দক্ষিণ রাউজানের ২৬ মেগাওয়াট নির্মাণাধীণ বিদ্যুৎকেন্দ্রে সীমানা প্রাচীর ধসে পড়েছে। রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী জানান, বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির অবনতি হতে পারে।তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দাবি করা হয় পাহাড়ি ঢলের পানি নেমে গেলে ক্ষয়ক্ষতি তেমন বাড়বে না।টানা বিরতিহীন বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার বিটুমিন উঠে গেছে। গুরুত্বপূর্ণ রাউজান-নোয়াপাড়া সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, মাওলানা দোস্ত মোহাম্মদ সড়কসহ এলাকার রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।এলাকাবাসীর আশঙ্কা বৃষ্টি অব্যাহত থাকলে উপজেলার বেশির ভাগ ফসলিজমি নিমজ্জিত হবে।ক্ষতিগ্রস্ত কৃষকেরা বন্যা নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।