টানা ১০ হাজার দিন দৌড়ানো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনওয়ার্থ উইলিয়ামসন
লেনওয়ার্থ উইলিয়ামসন

বছরের শুরুতে কত কিছু নিয়েই তো আমরা পরিকল্পনা করি। কিন্তু মাস গড়াতেই তার অনেক কিছু ভুলেও যাই। কিন্তু যুক্তরাষ্ট্রের লেনওয়ার্থ উইলিয়ামসন ২৭ বছরে একবারও হোঁচট খাননি তাঁর সংকল্প রক্ষায়। কী তাঁর সংকল্প? তা আহামরি কিছু নয়, প্রতিদিন শুধু নিয়ম মেনে দৌড়ানো। আর তাতেই রীতিমতো ইতিহাস গড়েছেন উইলিয়ামসন। কারণ, গেল সপ্তাহে টানা ১০ হাজার দিন দৌড়ানোর মাইলফলক ছুঁয়েছেন তিনি! আর তাঁর এই লক্ষ্যে রোদ-বৃষ্টি, রোগ-শোক কোনোটাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এমন ঘটনাকে ইতিহাস বললে নিশ্চয় খুব বাড়িয়ে বলা হবে না!
৫৭ বছর বয়সী উইলিয়ামসন পেশাগত জীবনে জেনারেল ইলেকট্রিক কোম্পানির প্রকৌশল ব্যবস্থাপক। স্বাস্থ্যসচেতন এই মানুষটি ১৯৮৯ সালের ১ জানুয়ারি শুরু করেছিলেন নিয়ম মেনে দৌড়ানো। তবে সেদিনই কিন্তু প্রথম উদ্যোগ ছিল না। উইলিয়ামসনের ললাটেও রয়েছে ব্যর্থতার নজির! কারণ, এর আগের দুই বছরও এমন পরিকল্পনা এঁটেছিলেন তিনি। কিন্তু ছয় মাস পেরোতেই সব হাওয়া!
কীভাবে গড়ে তুললেন এমন অভ্যাস? উইলিয়ামসন বলেন, ‘আপনি যদি ২১ দিন একনাগাড়ে কোনো কিছু করতে পারেন, তাহলেই তা অভ্যাসে পরিণত হয়ে যায়।’ এখন প্রতিদিন অন্তত তিন মাইল দৌড়ান তিনি। এ ছাড়া সপ্তাহের কোনো এক দিন ছয় থেকে আট মাইল। আর মাস শেষে এই দৌড়ের পরিমাণ প্রায় ১৩০ মাইল। আর কত দিন ধরে রাখবেন এই অভ্যাস? দৃঢ়প্রতিজ্ঞ উইলিয়ামসন বলেন, ‘যত দিন আমার পা সচল থাকে।’
সজীব মিয়া

সূত্র: এবিসি নিউজ ও আইটেম লাইভ