টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ এপ্রিল, ২০১২, রাত আটটা ৫০ মিনিট। ৪০ মিনিট আগে আম্মার সঙ্গে মুঠোফোনে কথা হলো। বললাম, ঢ্যাঁড়স ভর্তা করেছি। আর ভাত কিনে আনব। জিজ্ঞেস করল, আর কিছু আনব কি না—তরকারি, ভাজিটাজি। একটু অভিমানেই বললাম, তোমার যে আলাপ! রাখো রাখো! বলে ফোন রেখে দিতে চাইলে একটু মুচকি হাসির আওয়াজ শুনতে পেলাম অপর প্রান্ত থেকে। হাসির ভেতর যে কষ্টের দীর্ঘশ্বাস ছিল, তা আমি স্পষ্ট বুঝতে পারলাম। তাই কলটা কেটে না দিয়ে আরও এক মিনিট কথা বাড়তে থাকল। জানতে চাইলাম, খাওয়াদাওয়া হয়েছে কি না। বলল, ‘হে বাজান, বাজার থেকে মাছ আনছিল, আর শুঁটকি (কাচকি) মাছের ভাজি।’ মনে হলো খুব খুশি। খুশি তো হওয়ারই কথা। অনেক দিন পর হয়তো মাছ কিনে আনতে পেরেছে ১৫-২০ টাকা ধার করে এনে। একটু মাছটাছ, করলা, পাটশাক এনে রাখে। তবে আজ রাতে মাছ দিয়ে খেয়ে তাদের মনে হয়তো পাপবোধ শুরু হয়ে গেছে, এটা জেনে যে আমি শুধু ঢ্যাঁড়স ভর্তা দিয়ে ভাত খাব।১৫-১৬ দিন আগে বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার কথা থাকলেই আম্মার ঘুম হারাম হয়ে যায়। বাড়ির সামনের রাস্তা দিয়ে পাগলির মতো হাঁটাহাঁটি শুরু করে আর বাস গুনতে থাকে। বাস-টেম্পো থেকে নেমেই দেখি আম্মা দাঁড়িয়ে আছে। মুঠোফোনে মাঝেমধ্যে বলত, হাতের আঙুলগুলো ফুলে গেছে, ব্যথা করে। প্রতি রাতেই হাতের ব্যথায় ছটফট করে। এই হাতব্যথা নিয়েই রাতের খাবার শেষ হলে বাসনকোসন ধুয়ে রাখে। একদিন রাতে প্রচণ্ড হাতব্যথা হচ্ছিল। দেখি, বসে মা কাঁদছে। আমি সজাগ হয়ে হাতে হাত বুলিয়ে দিচ্ছিলাম। আম্মা বলল, ‘তুই ঘুমা, এইডা কমব না, ঘুমাইয়া পড়। তর হজাগ থাহা লাগব না।’ বাজারের ওষুধের দোকানে ৩০০ টাকা বকেয়া। তাই নতুন করে আর ওষুধ আনতে পারছে না। আমাদের হালকা মুখের ঘা হলেও আম্মা বলে, ‘আগে কইলি না ক্যা, তোর বাপেরে কইতাম ওষুধ নিয়ে আইতে...।’মায়ের ইচ্ছা, আমার চাকরি হলে তাকে প্রতিদিন এক মগ চায়ের ব্যবস্থা করে দিলেই হবে—আর একবেলা ভাত। প্রতিদিনই খোঁজ নেয় খেয়েছি কি না। চাকরির কোনো খবরটবর আছে কি না। আর আমি প্রতিদিনই বলে যাচ্ছি, এই তো...হয়ে যাবে। আর কয়েক দিন। এভাবেই কেটে যাচ্ছে মাসের পর মাস। ছেঁড়া কাপড় পরে থাকা মায়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে। মাঝেমধ্যে বাড়ি গেলে মা হেসেই বলে ফেলে, ‘আমারে নাইলে ঢাকা নিয়ে যা, কোনো একটা বাসায় কাজের বুয়ার কাজ শুরু করি। তাইলে তোরা ভালো জামাকাপড়, প্যান্ট-শার্ট পরতে পারবি। আর ঢাকা শহরে কে চিনব যে আমি তোর আম্মা, দেখিছ কেউ জানবও না।’অনাবিলঢাকা বিশ্ববিদ্যালয়।