টার্মিনালের সাড়ে ১১ একর জায়গা বেদখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক এলাকা লোহাগাড়া উপজেলা সদরের বটতলী স্টেশনে যানজট সমস্যা দিন দিন বাড়ছে। যানজটের কারণে যাত্রী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগী লোকজনের অভিযোগ, পরিকল্পিত ও সুনির্দিষ্ট জায়গায় বাস থামার কোনো ব্যবস্থা না থাকায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।অভিযোগ রয়েছে, এলাকায় একটি বাস টার্মিনাল স্থাপনের প্রস্তাব এক যুগ ধরে মন্ত্রণালয়ে ফাইলবন্দী হয়ে আছে। টার্মিনালের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হুকুমদখলকৃত প্রায় সাড়ে ১১ একর জায়গা বেদখল হয়ে গেছে। অনেকে সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেছে। এতে সওজের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগে জানা যায়।সরেজমিনে দেখা যায়, ফুটপাতসহ সড়কের দুই পাশের অনেক সরকারি জায়গা অবৈধ দোকানদার ও বাসমালিকদের দখলে চলে গেছে। এর মধ্যে চালকেরা নিয়মনীতির তোয়াক্কা না করে বাস, টেম্পো, ট্রাক, অটোরিকশা ইত্যাদি যানবাহন এলোমেলো করে রেখেছেন। এতে আধা কিলোমিটারের বেশি এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। স্থানীয় লোকজনকে হেঁটে গন্তব্যে যেতেও হিমশিম খেতে হয়। সম্প্রতি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কক্সবাজারে যাওয়ার পথে বটতলী স্টেশনে তীব্র যানজটে পড়েন। তিনি সড়কের আশপাশের অবৈধ গাড়ির স্টেশন ও দোকান উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন। কিন্তু কয়েক দিন পরই অবস্থা আগের মতো হয়ে যায়। স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যবর্তী স্থান হিসেবে লোহাগাড়ার বটতলী বাসস্টেশন চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ছেড়ে আসা দূরপাল্লার যানবাহনের বিরতির স্থানে পরিণত হয়েছে। ফলে এ এলাকায় গড়ে উঠেছে অনেক বাস কাউন্টার। এ ছাড়া রয়েছে স্থানীয় বিভিন্ন ধরনের যানবাহনের গ্যারেজ ও মেরামত কারখানা। এসবের সঙ্গে তাল মিলিয়ে গড়ে উঠেছে অনেক হোটেল-রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে এলাকাটি রাত-দিন কর্মব্যস্ত থাকে।অভিযোগে জানা যায়, মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এলাকায় একটি বাস টার্মিনাল স্থাপনের জন্য পুরোনো বিওসি এলাকায় প্রায় সাড়ে ১১ একর জায়গা হুকুমদখল করা হয়। কয়েক বছর ধরে এসব জায়গা দখল করে স্থানীয় সিরাজ মিয়া, আবদুল হক, আবুল হোসেন, মো. আইউবসহ অনেকে বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর তৈরি করেছেন। স্থানীয় লোকজনের মতে, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের যোগসাজশ না থাকলে সরকারি জায়গা এভাবে দখল করা সম্ভব হতো না।এ বিষয়ে দখলদার সিরাজ মিয়া বলেন, ‘একসময় এগুলো আমাদের পৈতৃক সম্পত্তি ছিল। সওজ হুকুমদখল করলেও কোনো স্থাপনা নির্মাণ করেনি। ফলে এসব জায়গা ফেরত দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।’স্থানীয় ক্রীড়া সংগঠক মামুনুর রশিদ চৌধুরী জানান, সওজের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বাস টার্মিনাল, খেলার মাঠ ও অগ্নিনির্বাপণ স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য যোগাযোগমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘যানজটের কারণে শিক্ষার্থীসহ এলাকাবাসীর কষ্ট লাঘবের জন্য সওজের হুকুমদখলকৃত জায়গায় বাস টার্মিনাল, ফায়ার স্টেশন ও খেলার মাঠ স্থাপনের প্রস্তাব ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।’দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল আহসান তাঁদের জায়গা বেদখল হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।’ বাস টার্মিনাল নির্মাণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে জরিপকাজ সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।