টালমাটাল ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রহ-নক্ষত্র ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে—এমনটা যাদের বিশ্বাস তাঁরা নির্ঘাত বলবেন, নিকোলা সারকোজির ওপর শনি ভর করেছে। ক্ষমতায় আসার বছরই বেতন হ্রাস ও ছাঁটাইয়ের পাশাপাশি পেনশন-সংস্কার করতে গিয়ে অনেককে খেপিয়ে তুলেছিলেন। জুলাইতে উঠল লরিয়েল কোম্পানির কাছ থেকে অবৈধ নির্বাচনী চাঁদা নেওয়ার অভিযোগ। ‘রোমা তাড়াও’ নীতির জন্য প্রায় হিটলারের সঙ্গে তুলনার মুখে পড়েছেন এই সেদিন। সামলে উঠতে না উঠতে পেনশন-সংস্কার করতে এই তুলকালাম। জনমত জরিপে, মধ্য ডান এ নেতার প্রতি সমর্থন নেমে এসেছে ৩০ শতাংশের নিচে, যা একটি রেকর্ড।বলা হচ্ছে, প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ওপর জনগণের আস্থা ও ২০১২ সালে পুনর্নির্বাচনের ব্যাপারটি অনেকটাই নির্ভর করছে এ ইস্যু তিনি কীভাবে সামাল দেন তার ওপর। ফ্রান্সের অর্থনীতিকে বেহাল অবস্থা থেকে উদ্ধারের অঙ্গীকার করে ২০০৭ সালে ক্ষমতায় এসেছিলেন সারকোজি। পেনশন পরিকল্পনাটি তাঁর সংস্কার পরিকল্পনার স্তম্ভ বলা চলে। সারকোজি বলেছেন, তিনি এটি বাস্তবায়ন করে ছাড়বেন। প্রকৃত ব্যাপারটা কিন্তু স্রেফ একজন প্রেসিডেন্টের নীতির জয়-পরাজয়ের চেয়ে অনেক বড় কিছু। অনেকের মতে, ফ্রান্সের কল্যাণমূলক রাষ্ট্রের আদর্শই হুমকির মুখে। পেনশন-সংস্কার তার একটা শুরু মাত্র। সংস্কার প্রস্তাব শেষ পর্যন্ত কার্যকর হলে এর মধ্য দিয়ে বহু কষ্টে অর্জিত সামাজিক সুরক্ষা সুবিধাগুলোর প্রত্যাহার শুরু হতে পারে। ছবি আর কবিতার দেশের বাতাস তাই এখন মনমাতানো সুগন্ধির বদলে ভারি পোড়া টায়ারের গন্ধে। কয়েক সপ্তাহ ধরে চলমান ধর্মঘট ও বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে সরকারি কর্মীদের ইউনিয়নগুলো। শ্রমিকের অধিকার আদায়ে দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে কখনোই পিছপা হয়নি ফরাসিরা। এবারের ধর্মঘটিদের মধ্যে রয়েছেন তেল শোধনাগার, বিমানবন্দর ও ডাক বিভাগের কর্মী, ট্রেনচালক, শিক্ষক ও পরিচ্ছন্নতাকর্মী। ছাত্ররা তো রয়েছেই।কয়েক দিন ধরে অনেকেই অবশ্য বলছেন চলমান আন্দোলনে ফাটল দেখা দিয়েছে। প্রথম কয়েক দিনের যে বিপুল জনসমাগম আর ক্ষোভের বহিঃপ্রকাশ তাতে যেন কিছুটা ভাটা পড়েছে। কিন্তু ইউনিয়ন নেতারা মোটেই হতোদ্যম নন। এমনকি পার্লামেন্টের উভয় কক্ষে বিল পাসেও তাঁরা চিন্তিত নন। তাদের কথা, সংগ্রামের এ কেবল শুরু।সরকারের পরিকল্পনাসারকোজি সরকার কর্মচারীদের অবসরগ্রহণ ও পেনশন পাওয়া শুরু হওয়ার বয়স বাড়াতে চায়। বর্তমানে ফ্রান্সে কর্মচারীরা চাইলে ৬০ বছর বয়সে অবসর নিতে পারেন, যদি তাঁরা সাড়ে ৪০ বছর চাকরি করে সামাজিক নিরাপত্তা-ভাতার টাকা দিয়ে থাকেন। তবে বয়স ৬৫ হওয়ার আগ পর্যন্ত পুরো পেনশন পাবেন না। অবশ্য বাস্তবে কয়েকটি খাতের কর্মীরা কিছুটা আগেও অবসর নিতে পারেন। সরকার ২০১৮ সাল নাগাদ অবসরের ন্যূনতম বয়স ৬২, সামাজিক নিরাপত্তার টাকা দেওয়ার শর্ত সাড়ে ৪১ বছর ও পেনশন পাওয়ার যোগ্যতা ৬৭ করতে চায়।তরুণেরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এমিলিয়েঁ তাঁদেরই একজন। এমিলিয়েঁর ধারণা, ২৭ বছর বয়সের আগে হয়তো তিনি চাকরিই পাবেন না। মা-বাবার চেয়ে তাঁকে হয়তো পেনশনের শর্ত পূরণের জন্য ১০ বছর পর্যন্ত বেশি কাজ করতে হতে পারে। তা ছাড়া প্রবীণদের আরও দুই বছর কাজ করা মানে তরুণদের চাকরি পেতে অপেক্ষাও করতে হবে আরও বেশি।সারকোজির মধ্য ডানপন্থী সরকার বলছে, দেশে প্রবীণ লোকের সংখ্যা বেড়ে চলেছে। কাজেই এত বেশি লোককে এত দীর্ঘ সময় ধরে পেনশন দেওয়া সম্ভব নয়। ওইসিডির (OECD) তথ্য অনুযায়ী, ফ্রান্সের কর্মীরা বিশ্বে সবচেয়ে বেশি দিন— প্রায় ২৫ বছর—অবসরজীবন কাটানোর সুযোগ পান। অন্যদিকে জাপানিরা পান ১৫ বছরেরও কম।সরকারি কর্মকর্তারা বলছেন, এ সংস্কার সরকারের সাত হাজার কোটি ইউরো বাঁচিয়ে দেবে। তারা হিসাব কষে দেখিয়েছেন কর্মীর পকেট থেকে দেওয়া সামাজিক নিরাপত্তার ভাতা থেকে দশজনের মধ্যে নয়জনের পেনশনের টাকা আসে। এটি সরকারের বিবেচনায় অনেক কম।বিরোধীদের যুক্তিশ্রমিক ইউনিয়ন ও বিরোধী রাজনীতিকেরা ৬০ বছর বয়সে অবসর নেওয়ার অধিকার যেভাবে হোক রক্ষা করতে চান। ১৯৮৩ সালে সমাজতন্ত্রী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ এটি চালু করেন।বিরোধীরা বলছে, এই সংস্কার কর্মীদের ওপর, বিশেষ করে নারী, খণ্ডকালীন কর্মী ও একসময়ের বেকারদের ওপর অন্যায্য বোঝার সৃষ্টি করবে। তাঁদের পক্ষে ৪১ বছর ছয় মাস চাকরি করে কর দেওয়ার শর্ত পূরণ করা কঠিন হবে। পেনশন-ব্যবস্থার ঘাটতি মোকাবিলায় তাঁরা কিছু বোনাস এবং সর্বোচ্চ বেতনের ওপর কর ধরার প্রস্তাব দিয়েছেন সরকারকে।বিভক্ত জনমতকয়েক দিন আগের এক জনমত জরিপে দেখা যায়, শতকরা ৭১ ভাগ লোক ধর্মঘটকারীদের দাবি সমর্থন করে। তবে জরিপে এও দেখা গেছে, সংখ্যাগরিষ্ঠ লোক মনে করে, পেনশনে যাওয়ার বয়সসীমা বাড়ানো অনিবার্য ছিল। প্রায় একই সময়ের আরেক জরিপ বলছে, ৫৯ শতাংশ নাগরিক দাবি আদায়ের কৌশল হিসেবে তেল শোধনাগার, সড়ক মোড় ও কল-কারখানা অবরোধের বিপক্ষে। সব মিলিয়ে ফরাসি জনমত এ প্রশ্নে স্পষ্টতই বিভক্ত।পরিস্থিতি কোন দিকে?পার্লামেন্টের নিম্নকক্ষে গত বুধবারের ভোট আসলে ছিল একটা আনুষ্ঠানিকতা মাত্র। উচ্চকক্ষ সিনেটও এটি অনুমোদন করেছে তার আগের দিন। প্রেসিডেন্ট সই করার আগে তা সর্বশেষ এক নজর দেখার জন্য সাংবিধানিক আদালতে যাবে। আগামী জুন নাগাদ পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে এ সংস্কার। সারকোজি বলেছেন, নভেম্বরেই এতে সই করবেন সে ব্যাপারে নিশ্চিত তিনি।প্রবল বিরোধিতার মুখে সরকার তার পরিকল্পনায় সামান্য রদবদল করেছে। প্রেসিডেন্ট বলেছেন, বাচ্চা লালন-পালনের জন্য যেসব মা কয়েক বছর কাজ করেননি, তাঁরাও পুরো পেনশন পাবেন। তবে সংস্কারের মূল বৈশিষ্ট্যগুলো অপরিবর্তিত থাকবে। অন্তত ৭০০ সংশোধনী নিয়ে বিতর্ক করতে সরকারকে বাধ্য করেছেন নেতারা। পর্যবেক্ষকেরা বলছেন, এতে শ্রমিক নেতাদের মান কিছুটা হলেও বাঁচবে। নিকট ইতিহাস ঘাঁটলে ওই নেতারা কি কিছু সান্ত্বনা পাবেন? শ্রমিক আন্দোলনের গবেষক স্তেফান সিরো বললেন, ১৯৯৫ সাল থেকে জাতীয় পর্যায়ে সরকারের বিরুদ্ধে কোনো দাবি-দাওয়া তুলেই সাফল্য পায়নি ইউনিয়নগুলো।সরকারি দল ইউএমপির প্রেসিডেন্ট জঁ ফ্রাঁসোয়া কোপ আভাস দিয়েছেন, ২০১৮ সাল নাগাদ অবসরের বয়স আরও বাড়িয়ে ৬৩ পর্যন্ত করতে হতে পারে। অন্যদিকে, সমাজতন্ত্রীরা বলেছেন, ২০১২ সালে নির্বাচিত হলে তাঁরা এ বয়স আবার ৬০-এ নামিয়ে আনবেন। পেনশনের বয়স নিয়ে ফ্রান্সের এ বিতর্ক হয়তো আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করতে পারে। তবে তা যে ‘স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্বের’ দেশের জনজীবন ও কাজের জগতের আগামী দিনের ছবিটা ঠিক করে দেবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।