টি-পার্টির বিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে সিনেটর পদে রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছেন ক্রিস্টিন ও’ডোনেল। মনোনয়নের দৌড়ে বাঘা বাঘা রিপাবলিকান নেতাদের পেছনে ফেলেন ক্রিস্টিন। প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর বিপ্লবী ঢঙের এক ভাষণে তিনি বলেন, ‘জনগণ যখন সরকারকে ভয় পায়, তার মানে সেখানে দমন-পীড়ন রয়েছে। আর সরকার যখন জনগণকে ভয় পায়, এর অর্থ সেখানে স্বাধীনতা রয়েছে। সাধারণ জনগণ আবার তাদের কণ্ঠস্বর শুনতে পাবে ওয়াশিংটনে।’এই কণ্ঠস্বর যুক্তরাষ্ট্রের নতুন এক রাজনৈতিক আন্দোলন থেকে উঠে আসা কর্মীর। এ আন্দোলন তাঁকে তৃণমূল থেকে তুলে এনে শীর্ষে বসিয়ে দিয়েছে। অবাক করে দিয়েছে মার্কিন রাজনৈতিক অঙ্গনকে। রিপাবলিকান পার্টির হতাশ ও ক্ষুব্ধ অখ্যাত নেতাদের এই জোট নিজেদের নাম দিয়েছে টি-পার্টি। তাদের কোনো সনদ, কোনো প্রকাশিত নির্বাচনী ইশতেহার বা পরিচালনা পর্ষদ নেই। তার পরও নেভাডার মরুভূমি থেকে কেনটাকির ঢেউ খেলানো পার্বত্য অঞ্চল পর্যন্ত এই আন্দোলনের ঝড় এ বছর রিপাবলিকান পার্টির অভিজাত গোষ্ঠীর প্রভাববলয়কে লন্ডভন্ড করে দিয়েছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং ২০১২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকেও পাল্টে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে এই গোষ্ঠী।এর আগে ১৯৬৪ সালে রিপাবলিকান নেতা ব্যারি গোল্ডওয়াটার দলের অভিজাত গোষ্ঠীর বিরুদ্ধে এ ধরনের বিদ্রোহ করেছিলেন। ওই বিদ্রোহী কর্মসূচির মতো এবারের এই টি-পার্টি আন্দোলনও রিপাবলিকান দলের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। দলের প্রচলিত নীতির বিরুদ্ধে বিদ্রোহীদের এই আন্দোলন শুরু হয় গত এপ্রিলে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক সময়ের জনপ্রিয় গভর্নর রিপাবলিকান নেতা চার্লি ক্রাইস্টের বিরুদ্ধে সেখানকার রক্ষণশীল অংশ বিদ্রোহ করে। ওই সময় একে একটি বিচ্ছিন্ন ঘটনাই মনে করেছিলেন দলের অন্যান্য অংশের নেতারা। এর পর মে মাসে দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন ইউটা অঙ্গরাজ্যের বর্তমান সিনেটর বব বেনেট। অনেকেই ধারণা করেছিলেন, এ ধরনের পরিবর্তন খুব বেশি ছড়াবে না। কিন্তু তাঁদের ধারণা ভুল প্রমাণ করে নেভাডা, কলোরাডো, আলাস্কা ও ফ্লোরিডায়ও টি-পার্টির সদস্যরা সিনেটর পদে প্রার্থিতার দলীয় মনোনয়ন জিতে নিলেন।আর এভাবেই যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার এই ক্রান্তিলগ্নে দলের রক্ষণশীলদের সমর্থন জিতে নিলেন টি-পার্টির সদস্যরা। এখন তাঁদের সামনে সুযোগ এসেছে কমপক্ষে সাতজন নতুন সিনেটরকে ওয়াশিংটনের ক্যাপিটল হিল অর্থাৎ কংগ্রেসে পাঠানোর, যাঁরা একটি ছোট আকারের সরকার, স্থিতিশীল বাজার ও অর্থনীতি এবং সরকারি নিয়ন্ত্রণ হ্রাসের ব্যাপারে টি-পার্টি আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেবেন।রিপাবলিকান পার্টির এই বিদ্রোহী অংশের উত্থানকে আনুষ্ঠানিকভাবে উদ্যাপন করেছে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি। তাদের কাছে এটি একটি খুশির উপলক্ষ হওয়ার কারণ, জনমত জরিপে দেখা গেছে, টি-পার্টির নীতির প্রতি বেশির ভাগ মার্কিনের সমর্থন নেই। এই অংশের নেতাদের ব্যক্তিগত প্রভাবও তেমন নয়। মধ্যবর্তী নির্বাচনে সিনেটের পদগুলোর জন্য ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রচারণা চালানোর দায়িত্বে থাকা সিনেটর বব মেনেনডেজ বলেন, ‘মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রিপাবলিকানরা দলের মূল ধারার নেতাদের বাদ দিয়ে কট্টরপন্থী অংশের নেতাদের বেছে নিচ্ছে। এতে অনেক অঙ্গরাজ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে।’কিন্তু বব মেনেনডেজের এই ধারণা হয়তো ঠিক নয়। ডেমোক্রেটিক পার্টির তৃণমূল কর্মীদের মধ্যে যাঁরা ডেলাওয়ারে মনোনয়ন পাওয়ার লড়াই মাঠে থেকে দেখেছেন, তাঁরা জানেন দলীয় নেতাদের পক্ষে প্রচারণা চালাতে মাঠে রিপাবলিকানদের সংখ্যা ডেমোক্র্যাটদের চেয়ে বেশি ছিল। ২০০৮ সালের নির্বাচনে এর উল্টো চিত্রই দেখা গিয়েছিল।এখন পর্যন্ত ক্রিস্টিনের মতো প্রার্থীদের বিজয় মার্কিন রাজনীতির একটি ‘ওপেন সিক্রেট’ প্রকাশ করে দিয়েছে। সেটি হলো, একটি ছোট জনপ্রিয় আন্দোলনও অনেক দিন ধরে দুটি দলের প্রভাবশালী ও অভিজাত হিসেবে প্রতিষ্ঠিত নেতাদের অবস্থানকে অনিশ্চিত করে তুলতে পারে। ডেলাওয়ারে ক্রিস্টিন পরাজিত করেন মাইক ক্যাসেলকে। অঙ্গরাজ্যে অভিজ্ঞ ক্যাসেলের প্রতি জনসমর্থনও ৬০ শতাংশের ওপরে। তার জনপ্রিয়তা ডেমোক্রেটিক প্রার্থী ক্রিস কুনের চেয়েও বেশি। অন্যদিকে ক্রিস্টিনের পক্ষে সমর্থন ছিল মাত্র ৩ শতাংশ বা ৩০ হাজার ভোটারের। তার পরও মাইক ক্যাসেলকে পেছনে ফেলে মনোনয়ন জেতেন ক্রিস্টিন। একই ঘটনা ঘটে আলাস্কায়। সেখানে জো মিলার হারিয়ে দেন লিসা মুরকোস্কিকে। নেভাডায় মাত্র ৭০ হাজার ভোটারের সমর্থন নিয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন জিতেছেন ম্যারন অ্যাঞ্জেল।এ ধরনের ঘটনা ডেমোক্র্যাটদের জন্য মাথাব্যথার কারণ না হলেও রিপাবলিকান দলের মূল ধারার নেতারা হতবিহ্বল হয়ে পড়েছেন। আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেন্সিয়াল স্টাডিজের প্রধান জেমস থার্বার বলেন, ‘রিপাবলিকান পার্টি খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। টি-পার্টি আন্দোলনকে নিয়ন্ত্রণ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এটা অনেকটা গেরিলা যুদ্ধের অবস্থায় পৌঁছে গেছে।’ অতীতে দুটি দলই এ ধরনের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে তাদের সমর্থন ও অর্থশক্তি ব্যবহার করেছে নির্বাচনে জিতে আসতে পারবেন এমন প্রার্থীদের পেছনে। কিন্তু এখনকার বাস্তবতায় তাঁরা আর সেটা করতে পারছেন না।তবে কত দিন টিকতে পারবে এই টি-পার্টি আন্দোলন? কেনটাকিতে রিপাবলিকান নেতা র‌্যান্ড পল, নেভাডায় শ্যারন অ্যাঞ্জেল বা আলাস্কায় জো মিলারের সমাবেশে উপস্থিত হলে ধারণা পাওয়া যায়, তাঁরা মূল ধারার প্রতি ক্ষোভের ফসল নিজেদের পক্ষে কতখানি টেনে আনতে পেরেছেন। শুরুতে টি-পার্টি ছিল ক্ষুদ্র একদল রিপাবলিকানের জায়গা, যাঁরা মার্কিন সরকারের বিশাল উদ্দীপনা প্যাকেজ ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের বিশাল পরিকল্পনা নিয়ে চিন্তিত ছিলেন। তাঁদের অনেকেই মনে করতেন সরকারের এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে। অথচ এ ব্যাপারে জাতীয় নেতারা কিছুই করছেন না। এই চিন্তাধারার রক্ষণশীলেরাই টি-পার্টির মাধ্যমে একত্র হতে শুরু করেন এবং রক্ষণশীলদের এই উত্থানের ভিত্তি তৈরি করেন। মার্কিন কংগ্রেস রক্ষণশীলদের এ ধরনের উত্থান আগেও দেখেছে। ১৯৯৪ সালে ৭৩ জন রিপাবলিকান দলীয় রক্ষণশীল নেতা কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছিলেন, যাঁরা তখনকার সরকারের বিরুদ্ধে বর্তমান টি-পার্টির নেতাদের মতোই মনোভাব পোষণ করতেন। টি-পার্টির চূড়ান্ত ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করার উপযুক্ত সময় এখনো আসেনি। তবে নিশ্চিতভাবেই বলা যায়, এই আন্দোলন আগামী ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অন্তত রিপাবলিকান দলের জন্য খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। আর এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগামী ৩ নভেম্বরের নির্বাচনের ফল জানার পরই।