টি-ব্যাগে সাদিতের শিল্প

বাবা একবার এক বাক্স আইসক্রিম কিনে দিয়েছিলেন ছোট্ট সাদিতকে। সাদিত মহানন্দে সেটি খেয়েছিল, যেমন সবাই আমরা খাই। কিন্তু খাওয়ার পর যে কাজটা সবাই কমবেশি করি, তা করেনি সাদিত। সে আইসক্রিমের বাক্সটি ফেলে না দিয়ে তার ওপর রংতুলির আঁচড় দিতে শুরু করল। ধীরে ধীরে ফুটে উঠতে থাকল এক দৃষ্টিনন্দন গ্রাম। পরিত্যক্ত আইসক্রিমের বাক্সই হয়ে উঠল ছবি।
সেই শুরু। পরিত্যক্ত কোনো কিছুকে ছবির ক্যানভাস বানিয়ে ফেলার কাজ এখনো করে যাচ্ছেন সাদিত। পুরো নাম সাদিতউজজামান। বয়সে এখন তরুণ। পড়াশোনা শেষ করে নেমেছেন নিজস্ব ব্যবসায়। কিন্তু ছোটবেলার সেই ছবি আঁকার শখ এখনো ধরে রেখেছেন। একটু ফুরসত মিললেই বসে পড়েন রংতুলি নিয়ে। যেমনটা দেখা গেল তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ফ্যাশন হাউস সুন্দর-এ গিয়ে। সুন্দরে বসেই ছোট ছোট টি-ব্যাগে পরম মমতায় এঁকে যাচ্ছেন তিনি।
টি-ব্যাগ? হ্যাঁ। আমাদের বিস্মিত মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে সাদিত বললেন, ‘ব্যবসার পাশাপাশি আমার ব্যস্ততা পরিত্যক্ত টি-ব্যাগে ছবি আঁকা নিয়ে। চা পানের পর যে টি-ব্যাগ ফেলে দেওয়া হয় অবহেলায়, সেটি আমি সংগ্রহ করি, পরিষ্কার করি, রোদে শুকাই—এরপর সেটিতে ছবি আঁকি।’

বাহ্! চমৎকার আইডিয়া তো! সাদিতের শিল্পকর্ম দেখতে আমরা সঙ্গ নিই। রাজশাহী শহরে সাদিতের বাসায় গিয়ে দেখা গেল, টি-ব্যাগের ওপর প্রায় ৪০০ ছবি এঁকেছেন তিনি। তাঁর টি-ব্যাগ শিল্পকর্মের প্রশংসা করেছেন রুবি সিলভিয়াস। রুবি সিলভিয়াস যুক্তরাষ্ট্রের একজন টি-ব্যাগ চিত্রশিল্পী। সাদিতের টি-ব্যাগের ছবি দেখে রুবি সিলভিয়াস যখন বলেন ‘তুমি আমার অনুপ্রেরণা, অসম্ভব ভালো আঁকছ তুমি’—তখন গর্বে বুকটা ভরে ওঠে সাদিতের। সাদিত বলেন, ‘সারা পৃথিবীতে টি-ব্যাগে ছবি আঁকেন এমন শিল্পীর সংখ্যা খুব একটা বেশি না। তাঁদের মধ্যে রুবির কাজ আমার খুব ভালো লাগে। তিনি প্রশংসা করেন আমার টি-ব্যাগ স্টোরিজের।’
টি-ব্যাগ স্টোরিজ মানে টি-ব্যাগের গল্প? সেটা কী? সাদিত বলেন, ‘টি-ব্যাগ স্টোরিজ নামে ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। সেখানে আমি আমার টি-ব্যাগ শিল্পকর্ম তুলে ধরি। অনেকেই আমার কাজের প্রশংসা করেন।’ শুধু ফেসবুকের পেজেই নিজের শিল্পকর্ম সীমাবদ্ধ রাখতে চান না সাদিত। খুব শিগগির নিজের টিব্যাগশিল্প নিয়ে ঢাকা ও রাজশাহীতে প্রদর্শনী করবেন বলে জানান।

শখকে শখ হিসেবেই রাখতে চান সাদিত। পেশা হিসেবে নিতে চান না। তাই ছোটবেলা থেকে আঁকাআঁকিতে নৈপুণ্য অর্জন করলেও প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেননি আঁকাআঁকিতে। তিনি বলেন, ‘আমি পড়েছি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি)। সেখান থেকে বিবিএ ও এমবিএ করার পর একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করেছি প্রায় চার বছর। এখন রাজশাহীতে নিজ উদ্যোগে একটি ফ্যাশন হাউস দিয়েছি।’
যত দিন বেঁচে থাকবেন তত দিন রংতুলির সঙ্গ ছাড়বেন না বলে জানান তিনি। ইতিমধ্যে টি-ব্যাগ ছাড়াও কাঠ, কাচ ইত্যাদি মাধ্যমে ছবি এঁকেছেন। সাদিত বলেন, ‘কোনো কিছুই ফেলনা নয়। সেটা বুঝেছিলাম সেই ছোটবেলাতেই, যখন আইসক্রিমের বাক্সে ছবি এঁকেছিলাম।’
