টি-শার্টে সুপার হিরো
রোমাঞ্চ, টান টান উত্তেজনা, শিহরণ জাগানো সব দৃশ্য। চোখের পলকে পাল্টে যাচ্ছে ঘটনা। বড় পর্দায় সুপার হিরোরা তাদের কেরামতি দেখিয়ে মুগ্ধ করেছে সব সময়ই। বলছিলাম টিনটিন, সুপারম্যান, স্পাইডারম্যান, অ্যাভেঞ্জারের প্রিয় চরিত্রগুলোর কথা। তারা পর্দার বাইরেও অবস্থান করছে তরুণদের টি-শার্টে। ঢাকার কয়েকটি বাজার ঘুরে বোঝা গেল টি-শার্টের নকশায় কমিক চরিত্র আর সুপার হিরোরা জায়গা করে নিয়েছে বেশ শক্তপোক্তভাবেই।টিনটিন আর স্নোয়ির দৌড়, স্পাইডারম্যানের বিশাল লাফ, সুপারম্যানের যেখানে-সেখানে উড়ে যাওয়ার দৃশ্যগুলো ছোটবেলা থেকেই আমাদের মনে দাগ কেটে রেখেছে। তাদের মতো কাণ্ডকারখানা করতেও ইচ্ছে করেছে হয়তো অনেকবারই। কিন্তু বললেই তো তাদের মতো হওয়া যাবে না। চাইলে পছন্দের চরিত্রগুলোকে এখন ইচ্ছেমতো সঙ্গে নিয়ে ঘোরা যাবে। বাজারে ইতিমধ্যেই বিভিন্ন নকশায় সুপার হিরোরা তাদের আবেদন তুলে ধরেছে। গত বছর টিনটিনের ছবি মুক্তি পাওয়ার পর চরিত্রটির জনপ্রিয়তা বেড়ে যায় অনেক গুণ। অ্যাভেঞ্জারের চরিত্রগুলোও জনপ্রিয় হয়ে ওঠে বড় পর্দায় আসার পর। তবে এই নায়কদের থেকেও এগিয়ে আছে আরেকটি চরিত্র—অ্যাংরি বার্ডস। গেমসের এই পাখিগুলো উড়ে এসে জুড়ে বসেছে টি-শার্টেই। গুলতি দিয়ে ছুড়ে মারা হয়েছে যেন ছোট-বড় সবার টি-শার্টেই।মেনজ ক্লাবের পরিচালক সারেক মাহমুদ বলেন, ‘জনপ্রিয়তার কারণেই অ্যাংরি বার্ডসের টি-শার্টগুলো আমরা নিয়ে এসেছি। ১ থেকে ১৬ বছর বয়সী ছেলেদের জন্য অ্যাংরি বার্ডের নকশায় টি-শার্ট আনা হয়েছে। আরামের কথা চিন্তা করে বেশির ভাগ টি-শার্টই সুতির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে।’ ঢাকার আজিজ সুপার মার্কেটে অ্যাংরি বার্ডসের আধিপত্যই বেশি। এখানে অন্য হিরোদের আনাগোনা কিছুটা কমই। তবে এখানে ছোটদের টি-শার্টে পাপাই, মিকি মাউস, ডোরেমন, ডোনাল্ড ডাকসহ আরও কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম মাহমুদ অ্যাংরি বার্ডসের ভীষণ ভক্ত। তাঁর ছয়টির মতো অ্যাংরি বার্ডসের টি-শার্ট আছে। যেখানেই পান, কিনে ফেলেন চোখ বন্ধ করে। ভিডিও গেমস খেলতে গিয়েই এই পাখিগুলোর ভক্ত বনে যাই। আমি একা না। আমরা পাঁচ বন্ধু বিভিন্ন নকশার এই চরিত্রটিকে পরে একসঙ্গে ঘুরে বেড়াই, জানান শামীম।টিনটিন আর স্নোয়ির সন্ধান পাওয়া গেল ঢাকার ধানমন্ডির হ্যাপি আর্কেড প্লাজায় এবং ঢাকা কলেজের উল্টোদিকে বদরুদ্দোজা সুপার মার্কেটে। এখানে অন্য চরিত্রগুলোও খুঁজলে পেয়ে যাবেন। হ্যাপি আর্কেড প্লাজায় অবস্থিত এক্সপোর্ট জোনের স্বত্বাধিকারী মো. সোহেল জানান, কয়েক মাস ধরেই এ ধরনের টি-শার্টের চাহিদা বেড়ে গেছে। কম বয়সী ছেলেদের আগ্রহ বেশি থাকলেও ২৫-ঊর্ধ্বরাও কিনছেন এগুলো। একটু বড় ও রঙিন করে ছাপা নকশাগুলোই আকর্ষণ করছে বেশি।