টিআইবির দুর্নীতিবিরোধী নাটক দেখে মুগ্ধ শিক্ষার্থীরা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিরোধী নাটক পরিণতি দেখে মুগ্ধ কক্সবাজারের চকরিয়া, বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। নাটক দেখে উপস্থিত শিক্ষার্থীরা নিজেকে দুর্নীতিমুক্ত রাখার পাশাপাশি অন্যদেরও দুর্নীতি থেকে দূরে রাখার ব্যাপারে ভূমিকা রাখার অঙ্গীকার করে।
‘এমন কেন হইল রে ভাই আমার সোনার বাংলাদেশ, দুঃখের কথা কইতে গেলে হয় না শেষ’ এই জারি গানের মাধ্যমে গত ৩১ আগস্ট বেলা ১১টায় বান্দরবানের লামা উপজেলা পরিষদ মাঠে শুরু হয় টিআইবি ইয়েস গণনাট্যদলের পরিবেশনায় দুর্নীতিবিরোধী নাটক পরিণতি। সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার সহযোগিতায় অনুষ্ঠিত ওই নাটকে সমাজের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। নাটকের শেষ দৃশ্যে ‘আমার সোনার বাংলাদেশটা দুর্নীতিতে ভুগছে ভাই, সত্য তথ্য না জানিলে আর যে কোনো উপায় নাই...’ এই গানটি দর্শকদের আনন্দ দেয়।
ওই দিন বিকেল চারটায় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও প্রদর্শিত হয় নাটকটি। ৩০ আগস্ট চকরিয়ার ডুলাহাজারা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে নাটকের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সরোয়ার, মামুন, কামরুল, কাকন, রাসেল, হাফসা, জেরিন, করবী, মোস্তফা, মানিক, সাইফুল, মিম, ফাহিমা, জাহিদ, সুমন প্রমুখ।