টিআইসিতে আলমগীরের গজলসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৪১ বছর ধরে সংগীত চর্চা করছেন গজলশিল্পী আলমগীর আলাউদ্দিন। কেবল গান করেন না, একজন সফল সুরকারও তিনি। ৮ মার্চ সন্ধ্যা ছয়টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে গজল পরিবেশন করে শ্রোতাদের আবেগে ভাসালেন। চট্টগ্রাম গজল সংগীত পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে তাঁর একক গজল আসরের আয়োজন করা হয়।
সাহাবউদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ মিহির লালা। প্রধান অতিথি ছিলেন সাংসদ জিয়া উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন অভিনেতা পঙ্কজ বৈদ্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, গজল উপমহাদেশের সংগীত ভান্ডারের একটি অনন্য সংযোজন।
আসরের শুরুতেই উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহেদী হাসানের ‘রাফতা রাফতা’ গান দিয়ে শুরু করেন আলমগীর আলাউদ্দিন। তারপর ‘পেয়ার ভারে’, ‘জিন্দেগি ম্যায় তো’, ‘দুনিয়া কিসিকে পেয়ার মে’ গানগুলো পরিবেশন করে দর্শককে মুগ্ধ করেন। মেহেদী হাসানের পর গোলাম আলীর ‘চুপকে চুপকে’, ‘হামকো কিসকে’, ‘মেহফিল মে বারবার’ গানগুলো পরিবেশন করে শ্রোতাদের মন শুদ্ধ গজলের ভাবরসে ভিজিয়ে তোলেন।
এরপর মঞ্চে আসেন শিল্পী আলমগীর আলাউদ্দিনের মেয়ে তাসনিয়া নওশীন। বাবার সঙ্গে তিনি দ্বৈত কণ্ঠে জগজিৎ সিংয়ের ‘ইয়ে দৌলত ভি লে লো’ ও গোলাম আলির ‘চামকাতে চান্দকো টুটা হুয়া তারা বানা ডালা’ গজল দুটি পরিবেশন করেন।
দ্বৈত গানের পর আলমগীর আলাউদ্দিন জগজিৎ সিংয়ের ‘নাওমে কিসে কি হো’, অনুপ জোলাটার ‘মাত কার তু অভিমান’ ও ‘লাজ্জাতে গাম বাধা দি জিয়ে’ গানগুলো পরিবেশন করেন। বাদ যাননি জনপ্রিয় গজলশিল্পী পঙ্কজ উদাসও। পঙ্কজের বিখ্যাত গান ‘চান্দি জেসি রং হ্যায় তেরা, সোনে জ্যায়সা বাল’ শুরু করতেই তুমুল করতালি দিয়ে স্বাগত জানান দর্শকেরা। এরপর ‘জামানা খারাব হ্যায়’ গানটির মধ্য দিয়ে এই মনোমুগ্ধকর গজলসন্ধ্যার সমাপ্তি ঘটে যখন, ঘড়ির কাঁটা তখন রাত ১০টা ছুঁয়েছে।