থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারি মিলনায়তনে ২২ ডিসেম্বর আয়োজন করা হয় উচ্চাঙ্গসংগীতের আসর। এ আসরের আয়োজক স্বরিৎ ললিতকলা কেন্দ্র। এটি ছিল সংগঠনের চতুর্থ আয়োজন।
আসরের শুরুতেই ছিল তবলায় ত্রিতালের ওপর দ্বৈত লহড়ার পরিবেশনা। এ পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন শিল্পী অর্ঘ্য আচার্য্য ও শুভ নাথ। তাঁদের হারমোনিয়ামে সহযোগিতা করেন তরুণ দাশ। এরপর পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন শিল্পী কাজী শহীদুল্লাহ কায়সার। তিনি বেহাগ রাগে প্রথমে বিলম্বিত একতালে খেয়াল ‘কেছে সুখ সোবে’ এবং পরে ত্রিতাল মধ্যলয়ে ‘বাল মোরে মোরে মনকে’ গেয়ে শোনান। শিল্পী সন্দীপন দাশ বিলম্বিত, মধ্য ও দ্রুতলয়ে বেহালায় বৈরাগী ভৈরব রাগ পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। এরপর আসরের সর্বশেষ পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন শিল্পী লিটন দাশ। তিনি মুধবন্তী রাগে একতালে বিলম্বিত ও ত্রিতালে মধ্যলয়ে খেয়াল পরিবেশন করেন। পরিশেষে একটি দাদ্রা পরিবেশনের মাধ্যমে শেষ হয় তাঁর পরিবেশনা।