তির্যক নাট্যদলের আয়োজনে তিন দিনব্যাপী নাট্যমেলায় পশ্চিমবঙ্গের বহরমপুরের নাট্যদল ঋত্বিকের তিনটি নাটক মঞ্চস্থ হবে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এই নাট্যমেলা শুরু হবে আজ ১১ জুন। তির্যকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের শিল্পী এবং দর্শকের বন্ধনকে আরও দৃঢ় করতে চট্টগ্রামে ঋত্বিকের এই নাট্যমেলার আয়োজন করা হয়েছে।
‘নাটকে বহরমপুর’ শিরোনামে এই নাট্যমেলায় থাকবে ঋত্বিকের ৩৫ বছরের নাট্য স্মারক প্রদর্শনী, দুই বাংলার নাট্যচর্চাবিষয়ক সেমিনার, নাট্যকর্মী সম্মিলন এবং গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।
আজ সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেনকে ঋত্বিক সম্মাননা জ্ঞাপন করা হবে।
প্রতিদিন সন্ধ্যা সাতটায় টিআইসি মিলনায়তনে ঋত্বিকের নাটক পরিবেশিত হবে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’ গল্প অবলম্বনে গৌতম রায় চৌধুরী নির্দেশিত নাটক অন্তর অন্দর মঞ্চস্থ হবে।
১২ জুন জগদীশ চন্দ্র মাথুর রচিত ও বিপ্লব দে নির্দেশিত নাটক আদি রাজা এবং ১৩ জুন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং গৌতম রায় চৌধুরী সম্পাদিত ও নির্দেশিত ডাকঘর নাটক পরিবেশিত হবে। বিজ্ঞপ্তি।