জার্মান বংশোদ্ভূত চেক নাট্যকার ফ্রানজ কাফকার বিখ্যাত উপন্যাস মেটামরফসিসের নাট্যরূপ মঞ্চে আনছে ফেইম। ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটায় অমৃতের সন্ধানে শিরোনামে এই নাটক মঞ্চস্থ হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনের মঞ্চে।
কাফকার উপন্যাস অবলম্বনে বাংলা ভাষায় রচিত দুটি নাটকের অনুসরণে নির্মিত হয়েছে ফেইমের অমৃতের সন্ধানে। নাটক দুটি হলো বুদ্ধদেব ভট্টাচার্যের পোকা এবং শক্তি সেনগুপ্তের বিকার। নাটকটির নির্দেশনা দিয়েছেন অসীম দাশ।
নাটকে দেখা যায়, সংসারের জন্য দিনমান খেটে চলা মহীন এক ভোরে ঘুম থেকে জেগে উঠে আবিষ্কার করে, সে অতিকায় এক পোকা হয়ে গেছে। বিচ্ছিন্ন, নিঃসঙ্গ মহীন সবার কাছে বোঝা ও অবজ্ঞার পাত্র হয়ে দাঁড়ায়। যার আয়-রোজগার নেই, সংসার ও সমাজকে কিছু দেওয়ার সামর্থ্য নেই, সে তো অতি তুচ্ছ পোকার মতো। মহীনের ট্র্যাজিক পরিণতি তাই সমাজের নিষ্ঠুর বাস্তবতার কথাই মনে করিয়ে দেয়। বিজ্ঞপ্তি।