টিআইসিতে তির্যকের 'তরঙ্গভঙ্গ' ২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তির্যক নাট্যদলের তরঙ্গভঙ্গ নাটকের একটি দৃশ্য
তির্যক নাট্যদলের তরঙ্গভঙ্গ নাটকের একটি দৃশ্য

তির্যক নাট্যদলের প্রযোজনা কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত তরঙ্গভঙ্গ নাটকটি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে ২৮ অক্টোবর। বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি তির্যক নাট্যদলের ৪৪তম প্রযোজনা। আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত নাটকটি ইতিমধ্যে সাতবার মঞ্চায়ন হয়েছে।
তরঙ্গভঙ্গ নাটকের কাহিনি আবর্তিত হয়েছে আমেনা নামের এক নারীকে ঘিরে, যিনি ক্ষুধার জ্বালায় হত্যা করেছেন তাঁর আদরের শিশুসন্তানকে। শুধু তা–ই নয়, কঠিন রোগে মরণাপন্ন স্বামীকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে তাঁকে ধূতরার বিষ খাইয়ে হত্যা করেন। বিচারালয়ের কাঠগড়ায় আমেনা অবিচলিত। কিন্তু বিচারক বিষণ্ন ও বাস্তবতায় ক্ষতবিক্ষত। তিনি এখানে আমাদের অসম সমাজ-ব্যবস্থার প্রকৃত স্বরূপটি ধরতে পেরেছেন।
নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহবুবুল ইসলাম, এ কে এম ইছমাইল, মফিজুর রহমান, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, জুয়েল চাকমা, জয়া বড়ুয়া, কিরীটি সাহা, মোহাম্মদ নুরুদ্দিন, আবদুল্লাহ আল মামুন, কান্তা মনি দাশ ও আহমেদ ইকবাল হায়দার। বিজ্ঞপ্তি।